কবি নজরুল কলেজে ছাত্রলীগের কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি-বাণিজ্য ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে রাজধানীর কবি নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নেয়।এ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম দুপুরে প্রথম আলোকে কমিটি ভেঙে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কেন কমিটি ভাঙলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের বিরুদ্ধে মাস্টার্সে ভর্তিতে অর্থ লেনদেনসহ নানা অভিযোগ ছিল। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আমরা কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো কমিটি ভাঙা হলো। এ প্রসঙ্গে নাজমুল বলেন, ‘ছাত্রলীগের বর্তমান কমিটি কোনো অনৈতিক কাজ বরদাস্ত করবে না। প্রথম কমিটি ভেঙে আমরা সারা দেশে ছাত্রলীগের নেতা-কর্মীদের এই বার্তাটিই পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। অনৈতিক কাজে ছাত্রলীগের যেই জড়িত থাকবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’