এক ছাত্রকে মারপিটের জের ধরে গতকাল বুধবার কবি নজরুল সরকারি কলেজে তাণ্ডব চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ওই কলেজের পাঁচটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছেন। প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে ভাঙচুর চালানো হয়। এ সময় দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়াও চলে। এতে ৫০ জনের মতো আহত হন, যাঁদের বেশির ভাগই কলেজটির ছাত্র।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পুরান ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠান দুটির মধ্যে এ ঘটনার সূত্রপাত। সংঘর্ষ চলে বেলা তিনটা পর্যন্ত। এ সময় কবি নজরুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের ভেতরে কার্যত অবরুদ্ধ ছিলেন। একপর্যায়ে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কবি নজরুল সরকারি কলেজ শাখা জনতা ব্যাংকে টাকা জমা দিতে লাইনে দাঁড়িয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র রুমন ও মাহি। লাইনে দাঁড়ানো নিয়ে কবি নজরুলের শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনকেই মারধর করেন কবি নজরুলের ছাত্ররা। খবর পেয়ে কিছুক্ষণ পরেই অদূরে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী কবি নজরুল কলেজে গিয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি মারধর করে নিজেদের ক্যাম্পাসে ফিরে আসেন। এর মিনিট বিশেক পরই কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে লাঠিসোঁটা নিয়ে জগন্নাথের দিকে এগোতে উদ্যত হয়। তখন ওই বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আবার তেড়ে আসেন। কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবি নজরুল কলেজের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর শুরু হয় তাণ্ডব। হামলায় জগন্নাথের ছাত্রলীগের কর্মীরা জড়িত ছিলেন বলে কবি নজরুল কলেজ ছাত্রলীগের এক নেতা দাবি করেছেন।কবি নজরুল কলেজের নিরাপত্তা প্রহরী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জগন্নাথের হাজার হাজার ছাত্র গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে। শুরু করে নির্বিচারে ভাঙচুর। তারা প্রশাসনিক ভবনের সব জানালার কাচ ভেঙে ফেলে এবং শিক্ষকদের পাঁচটি গাড়িতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। পুড়িয়ে দেয় পাঁচটি মোটরসাইকেলও।’প্রহরী মিজানুর রহমান বলেন, জগন্নাথের ছাত্ররা সামনে যাকে পেয়েছেন, তাকেই লাঠি দিয়ে পিটিয়েছেন। তাঁদের হামলায় কলেজের অন্তত ৩০ জন ছাত্র আহত হন। এক ঘণ্টা পর র্যাব-পুলিশ এসে কাঁদানে গ্যাসের শেল মেরে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি শান্ত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। প্রায় তিন ঘণ্টা এই অবস্থা ছিল। সংঘর্ষ থামাতে গিয়ে ছয় পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া ঘটনার ছবি তুলতে গিয়ে দৈনিক সকালের খবর-এর আলোকচিত্রী খোরশেদ আলম আহত হন। ঢাকা বিভাগীয় পুলিশের উপকমিশনার কাজী মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, প্রথমে পুলিশ কম ছিল বলে পরিস্থিতি স্বাভাবিক করতে একটু সময় লেগেছে। পরে অতিরিক্ত পুলিশ এলে ২৪টি কাঁদানে গ্যাসের শেল ও পাঁচটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কলেজের কোনো ছাত্র জড়িত থাকলে আমরা ব্যবস্থা নেব। তবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এভাবে তাণ্ডব চালাতে পারে, আমরা কখনোই ভাবিনি। উপাধ্যক্ষ রফিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর থানায় লিখিত অভিযোগ করা হবে।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘কেন এমন ঘটনা ঘটল, কারা এই হামলা চালাল, এসব তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন ডিন রুহুল মোমেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তাঁকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ অভিযোগ করে বলেন, ‘প্রতিবছরই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটি চক্র কবি নজরুল কলেজে এসে ভর্তি-বাণিজ্য চালায়। তারা নকল সিল এনে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে। বুধবার এই ধরনের কাজেই তারা ব্যাংকে এসেছিল। এ নিয়ে কলেজের ছাত্রদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে এসে তাণ্ডব চালায়।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটিয়েছে। ছাত্রলীগের কেউ এর সঙ্গে জড়িত নয়, বরং ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মারামারি থেকে সরিয়ে এনেছে।সংঘর্ষে আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কবি নজরুল কলেজের দুজন শিক্ষক আলমগীর মিয়া (বাংলা) ও মিসবাহুর রহমান (ইসলামিক স্টাডিজ) দোতলা থেকে লাফিয়ে পড়ে পায়ে আঘাত পেয়েছেন।পরীক্ষা নিতে অনীহা: এ ঘটনার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে অনীহা প্রকাশ করেছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকেরা। আগামীকাল শুক্রবার ওই কলেজে জগন্নাথের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) পরীক্ষা হওয়ার কথা।নাম প্রকাশে অনিচ্ছুক কবি নজরুল কলেজের এক শিক্ষক বলেন, ‘ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের কলেজের শ্রেণীকক্ষ ও আসবাব ভাঙচুর করেছে। পুড়িয়ে দিয়েছে শিক্ষকদের গাড়ি। তার পরও কি ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া যায়?’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আবু মিছির প্রথম আলোকে জানান, শুক্রবারের ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়টি ওই কলেজের অধ্যক্ষ তাঁকে মৌখিকভাবে ফোনে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সেলিম ভূঁইয়া এ বিষয়ে আলোচনায় বসবেন। এরপরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।