কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকী পালন
ইসলামী রেনেসাঁর অন্যতম পুরোধা কবি সৈয়দ ফররুখ আহমদের ৩৬তম মৃত্যুবার্ষিকী ১৯ অক্টোবর পালন করা হয়েছে। এদিন দুপুরে কবির জন্মভিটা মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে কবির স্মৃতিস্তম্ভের সামনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কবির ভাতিজা সৈয়দ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মাহমুদুল গণি। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ ও স্থানীয় নাকোল ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য ও আলোচনা সভা পরিচালনা করেন কবির বৈমাত্রেয় ভাই সৈয়দ মারুফ আহমদ। অনুষ্ঠানে বক্তারা কবির স্মৃতি সংরক্ষণের দাবি জানান। প্রধান অতিথি শ্রীপুর উপজেলা চেয়ারম্যান কবির স্মৃতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। কবি সৈয়দ ফররুখ আহমদ মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন।