কবি মেহেরুন হত্যায় নেতৃত্ব দেন কাদের মোল্লা
১৯৭১ সালের ২৭ মার্চ কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা কবি মেহেরুন নিসার বাড়িতে হামলা চালান। তাঁরা মেহেরুন, তাঁর মা ও দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেন।আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেওয়ার সময় এ কথা বলেন কবি কাজী রোজী। মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে এই সাক্ষ্য দিয়েছেন। আসামির কাঠগড়ায় কাদের মোল্লার উপস্থিতিতে কাজী রোজী জবানবন্দিতে বলেন, একাত্তরে নিহত কবি মেহেরুন নিসা তাঁর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁরা একই এলাকায় থাকতেন। একাত্তরে মিরপুরে অবাঙালি ও বিহারিরা বাঙালিদের ভীষণভাবে অপমানিত ও লাঞ্ছিত করত। এ থেকে রেহাই পেতে তাঁরা একটি অ্যাকশন কমিটি গঠন করেছিলেন।জবানবন্দিতে সাক্ষী বলেন, তিনি সেই কমিটির সভাপতি ও মেহেরুন নিসা সদস্য ছিলেন। তাঁরা ওই কমিটির মেয়ে সদস্য হওয়ার কারণে তাঁদের ওপর হামলা চালানোর খবর পান তিনি।কাজী রোজী বলেন, ২৫ মার্চ সকালে তিনি খবর পান তাঁর ও মেহেরুন নিসার বাসায় হামলা হতে পারে। তিনি মেহেরুন নিসাকে খবর পাঠান। তারপর কাজী রোজী মিরপুর থেকে চলে যান। কিন্তু পরিবার নিয়ে কোথাও যাওয়ার জায়গা না থাকায় মেহেরুন মিরপুরে রয়ে গেলেন। এরপর ২৭ মার্চ কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা মাথায় সাদা বা লাল পট্টি বেঁধে কবি মেহেরুন নিসার বাড়িতে হামলা চালান। তাঁরা মেহেরুন, তাঁর মা ও দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেন।জবানবন্দিতে সাক্ষী বলেন, গুলজার নামের একজন অবাঙালি ও একজন বিহারির কাছে তিনি মেহেরুন ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার নির্মম বর্ণনা শোনেন। ওই ঘটনাও সাক্ষী তাঁর জবানবন্দিতে বলেন। সবশেষে সাক্ষী যুদ্ধাপরাধীদের বিচার চান।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী একরামুল হক। ২৬ জুলাই সাক্ষীকে আবার জেরা করবে আসামিপক্ষ।