মোর্শেদ আলী কবিতা লেখেন। গত সপ্তাহে ঢাকায় এসেছেন। এখন নিজের একটা কবিতার বই বের করার চেষ্টা করছেন। বাংলা একাডেমী, বাংলাবাজার ও আজিজ সুপার মার্কেটে কয়েকজন প্রকাশকের কাছে গিয়েছিলেন। টাকা ছাড়া কেউ মোর্শেদ আলীর কবিতার বই বের করতে রাজি হচ্ছেন না। এর মধ্যে আজিজ মার্কেটের দুজন প্রকাশক বই ছাপানোর জন্য ২৫ হাজার টাকা চেয়েছেন। বাংলাবাজারের প্রকাশকেরাও একই রকম টাকা চাইছেন।মোর্শেদ আলী জানান, পয়ার ছন্দে লেখা তাঁর কবিতার দুটি পাণ্ডুলিপি আছে। রাশেদ চৌধুরী নামের বগুড়ার এক কবি তাঁর বই বের করে দেওয়ার চেষ্টা করছেন। এক মোটরগাড়ি ব্যবসায়ীর কাছে মোর্শেদ আলীকে নিয়ে গিয়েছিলেন তিনি। সেই ব্যবসায়ী মোর্শেদকে ১০ হাজার টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে কবিতার বইয়ের কম্পোজ চলছে। রাশেদ চৌধুরী চারুকলার ছবির হাটের শিল্পী রাশেদুল হুদাকে দিয়ে প্রচ্ছদ আঁকিয়ে দিয়েছেন।মোর্শেদ আলীর কবিতার বইয়ের নাম আনন্দনগর। নামটি দিয়েছেন চাঁদপুর শাহতলীর কবি সুমন। সুমন লিটন-ম্যাগ বের করছেন অনেক দিন ধরে। সুমনের লিটল ম্যাগে মোর্শেদ আলীর কবিতা ছাপা হয়েছে। চাঁদপুরের বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়ও তাঁর কিছু কবিতা বের হয়েছে। ঢাকায় আসার সময় সুমন তাঁকে এক হাজার টাকা দিয়েছেন। বাংলাবাজারের প্রকাশকদের ঠিকানাও দিয়েছেন। রাশেদ চৌধুরীর সঙ্গে ফোনে আলাপ করিয়ে দিয়েছেন। এখন কিছু টাকা পেলে মোর্শেদ আলী বইটা বের করতে পারেন।মোর্শেদ আলীর বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে। বাড়িতে দুই মেয়ে আর স্ত্রী আছেন। জায়গাজমি বলতে তেমন কিছু নেই। মোর্শেদ আলী রিকশা চালান। প্রতিদিন রিকশা চালিয়ে সন্ধ্যার পর হাজীগঞ্জ থেকে চাঁদপুরে আসেন। এখানে শাহতলীর কবি সুমনরা আড্ডা দেন। মোর্শেদ আলী তাঁদের চা এনে খাওয়ান, তাঁদের সঙ্গে কবিতা নিয়ে কথা বলেন। এ কাজ করতে তাঁর ভালো লাগে। রাতে বাড়ি ফিরে যান। মোর্শেদ আলীর বড় মেয়েটা প্রতিবন্ধী। চলাফেরা করতে পারে না, মুখ দিয়ে সারাক্ষণ লালা ঝরে। কবি মোর্শেদ আলী বলেন, ‘আমার মেয়েটা খুব বুদ্ধিমতী, সব বোঝে। আমি মেয়েটাকে আনন্দি নামে ডাকি। এ জন্যই আমার বইয়ের নাম আনন্দনগর।’