কবি শহীদ কাদরীর হাতে একুশে পদক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃত্ কবি শহীদ কাদরী একুশে পদক গ্রহণ করে প্রতিক্রিয়া জানালেন, ‘আজ আমি সব দিক থেকে ঐশ্বর্যবান হয়ে ঘরে ফিরে যাব।’ বাংলাদেশ সরকার ২০১১ সালে কবিকে একুশে পদকে ভূষিত করেছে। ৬ মার্চ নিউইয়র্কে কবির হাতে একুশে পদক তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাও কবিকে প্রদান করা হয়। এই অনুষ্ঠানে কবি আবেগপ্রবণ হয়ে এ কথাটি বলেন।আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা ভাষা ও সাহিত্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ প্রাপ্তিতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পদক হস্তান্তর ও সংবর্ধনা সভায় কবি ছিলেন সারাক্ষণ হাস্যোজ্জ্বল। আড্ডায় মগ্ন। ৬ মার্চ বৃষ্টিস্নাত বিকেলে নিউইয়র্ক ছাড়াও আশপাশের বিভিন্ন স্টেট থেকে প্রবাসী কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী-শিল্পী-সাংবাদিক ও পেশাজীবী প্রবাসী বাঙালিদের সমাগম ঘটেছিল স্থায়ী মিশনের এই পদক প্রদান অনুষ্ঠানে। শুরুতে মিশনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা করা হয় কবিকে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন কবির গলায় পরিয়ে দিলেন একুশে পদক। উদ্বোধনী বক্তব্যের পর স্থায়ী প্রতিনিধি কবির একটি কবিতা পড়ে শোনান।কবির অন্যতম বন্ধু, লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বাংলাদেশ থেকে বহন করে এনেছেন একুশে পদক। সেই সঙ্গে কবির জন্য বয়ে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা। তিনি কবির হাতে তুলে দেন সার্টিফিকেট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা। অনুষ্ঠানে কবি ও তাঁর কবিতা সম্পর্কে আলোচনা করেন কবি-বন্ধু মফিদুল হক, ড. ফারুক আজম, বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ এবং কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম। কবির কবিতা আবৃত্তি করেন সেমন্তী ওয়াহেদ, সারোয়ার মাহমুদ ও মুজিব বিন হক। ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবি শহীদ কাদরীর প্রখ্যাত কবিতা। এটি পড়ে শোনান তাজুল ইমাম। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন মিশনের মিনিস্টার (কালচারাল) ও নাট্য-চলচ্চিত্র-ব্যক্তিত্ব অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ। সামগ্রিক আয়োজনে স্থায়ী মিশনকে অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট হাসান ফেরদৌস ও আকবর হায়দার কিরণ। বাসস