কবি শামসুর রাহমানের ৮১তম জন্মদিন কাল
কাল শনিবার বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি শামসুর রাহমানের ৮১তম জন্মদিন। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে কবি শামসুর রাহমান জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মুখলেসুর রহমান চৌধুরী এবং মায়ের নাম আমেনা খাতুন। কবির পৈতৃক বাড়ি বর্তমান নরসিংদী জেলার রায়পুরা থানার পাহাড়তলী গ্রামে। ২০০৬ সালের ১৭ আগস্ট কবি ঢাকায় পরলোকগমন করেন।বাঙালি জাতির বিগত ৫০ বছরের সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক উত্থানপর্বের প্রতিটি ঘটনার উজ্জ্বল উপস্থিতি ঘটেছে শামসুর রাহমানের কবিতা, উপন্যাস, গান, প্রবন্ধ আর সাংবাদিকতায়। তাঁর কবিতায় উঠে এসেছে রক্তে রাঙানো ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের চেতনা। কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশুতোষ, অনুবাদ, সম্পাদনা, সাংবাদিকতায় কলামসহ কবির জীবিত অবস্থাতেই ১১২টি গ্রন্থ প্রকাশ পায়। সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি আদমজী পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, জীবনানন্দ পুরস্কার, একুশে পদক, আবুল মনসুর স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।—বাসস