কবি সমরেন্দ্র সেনগুপ্ত আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় কবি সমরেন্দ্র সেনগুপ্ত আর নেই। আজ কলকাতার স্থানীয় সময় দুপুর ১২টায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে চিকিত্সকেরা তাঁর মৃত্যুর কথা জানান। কবি সমরেন্দ্র সেনগুপ্ত ক্যানসারে ভুগছিলেন।ঢাকা ও কলকাতায় ব্যাপক জনপ্রিয় কবি সমরেন্দ্র সেনগুপ্ত ১৯৩৫ সালের ৫ মে ঢাকার পুরানা পল্টনে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে কলকাতা আসার আগ পর্যন্ত তিনি জীবনের প্রথম ১৬ বছর ঢাকাতেই কাটান। কলকাতায় এসে তিনি বাম রাজনীতিতে জড়িয়ে পড়েন।১৯৫৬ সালের দিকে তিনি লেখালেখি শুরু করেন। এ পর্যন্ত তাঁর ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর চারটি প্রকাশিত হয়েছে ঢাকা থেকে। কবির শেষ কবিতাগ্রন্থ ‘অবৈষ্ণব পদাবলী’ সম্প্রতি কলকাতা বইমেলায় প্রকাশিত হয়। কবিতা ছাড়াও সমরেন্দ্র সেনগুপ্ত ভ্রমণ কাহিনি ও প্রবন্ধও লিখেছেন। ঢাকা ও কলকাতাকে নিয়ে তিনি লিখেছেন ‘দুই নগরী’। সমরেন্দ্র সেন ‘আমার সময় অল্প’ কাব্যের জন্য ২০০৭ সালে পান সাহিত্য আকাদেমী পুরস্কার। ‘কফি হাউজের সিঁড়ি’ কবিতাগ্রন্থের জন্য ১৯৯৮ সালে পান রবীন্দ্র পুরস্কার। লেখালেখির পাশাপাশি তিনি সাহিত্য পত্রিকা ‘বিভাব’ ও ‘কৃত্তিবাস’ সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন।কবি সমরেন্দ্র সরকারি অতিথি হিসেবে ১৯৮৬ সালে যুক্তরাষ্ট্র সফর করেন। এ ছাড়া ২০০১ সালে লন্ডন, প্যারিস ও জার্মানিতে তিনি কবি সম্মেলনে যোগ দেন। বাসস