কবিগুরুর মহাপ্রয়াণ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ শ্রাবণের আমন্ত্রণে/ দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে/ ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে...।’ শ্রাবণের বরিষনে এভাবেই চিরমুক্তির ডাক পেয়েছিলেন বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ষা ছিল তাঁর প্রিয় ঋতু। এই বর্ষা ঋতুতেই ঘটেছিল তাঁর মহাপ্রয়াণ।ঘরের বাঁধন ছেড়ে তিনি চলে গেলেন অমর্ত্যলোকে।আজ ২২ শ্রবাণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম মৃত্যুবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে বাংলা সাহিত্যের অতুলনীয় এই প্রতিভার জীবনপ্রদীপ নির্বাপিত হয়।রবীন্দ্রনাথ বাংলা ভাষায় সাহিত্য রচনা করে নিজেকে বিশ্বমর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আধুনিক বাঙালির রুচি ও মানস গঠিত হয়েছে তাঁর হাতেই। কবিতা, সংগীত, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, চিত্রকলা, চিঠিপত্র থেকে শিশুতোষ রচনা, অভিভাষণ মিলিয়ে তাঁর বিপুল বৈচিত্র্যময় রচনা কেবল বাঙালির অমূল্য সম্পদই নয়, বিশ্বসাহিত্যেরও গৌরবময় ঐশ্বর্য। শিক্ষা বা পল্লি উন্নয়নের মতো বিষয় নিয়ে তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডও স্বকীয়তায় বিশিষ্ট। সবকিছু ছাপিয়ে আছে তাঁর শান্তি, মানবকল্যাণ ও শ্রেয়বোধের প্রতি সুগভীর প্রত্যয় ও নিরন্তর কামনা। এ সবই তিনি নানা রূপে ছড়িয়ে দিয়েছেন তাঁর বহুমাত্রিক সৃজনকর্মে।১৯১৩ সালে তাঁর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। যে গীতাঞ্জলির জন্য তাঁর এই নোবেল পুরস্কার অর্জন, সেই গীতাঞ্জলি এবং আরও অনেক বিখ্যাত রচনা বর্তমান বাংলাদেশের মাটিতেই রচিত হয়েছিল। পদ্মা-মেঘনা-যমুনা-ইছামতীর স্রোতোধারা, পূর্ববাংলার নিসর্গ, গ্রামীণ জনসাধারণের জীবনাচার তাঁর কবিমানস গঠনে রেখেছিল সুদূরপ্রসারী ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাদের জাতীয় সংগীত। তিনি কেবল আমাদের আনন্দ-বেদনা, উৎসব-অভিলাসে প্রতি মুহূর্তের অনুসঙ্গীই নন, তিনি সংকটের সাহস, প্রতিবাদ প্রতিরোধের প্রেরণাও। যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। বাঙালির সব আন্দোলন-সংগ্রামে, সমস্যা-সংকটে, বিশেষত মুক্তিযুদ্ধে তাঁর গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা।জীবনের শেষ পর্যায়ে চিত্রকর্মে অভিনিবেশ করে তিনি ভারতীয় উপমহাদেশের শিল্পকলায় ভিন্নতর মাত্রা সংযোজন করেছেন।কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে সারা দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সকালে শিল্পকলা একাডেমী আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি-বেসরকারি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে।