কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী ও ১৫১তম জন্মজয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে আজ। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসবের উদ্বোধন করবেন। সম্মানিত অতিথি থাকবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। সভাপতিত্ব করবেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর হবে ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় শুরু হবে রবীন্দ্র চিত্রপ্রতিলিপি, কবির গল্প-কবিতা ও গানের ওপর ১৫০ জন শিল্পীর আঁকা চিত্রকর্ম এবং দেশব্যাপী অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ছবি নিয়ে প্রদর্শনী। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করবেন। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চিত্রশিল্পী হাশেম খান। প্রদর্শনী ৮ মে পর্যন্ত খোলা থাকবে।এ ছাড়া সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় থাকবে দুই দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে জাতীয় জাদুঘরে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থের প্রদর্শনী।‘সীমার মাঝে অসীম তুমি’...কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের টানে গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রসংগীতানুরাগীরা এসেছিলেন দল বেঁধে। দেশের বিভিন্ন স্থান থেকে উৎসবে যোগ দিতে আসা শিল্পীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বসন্ত বিদায় নিলেও তার রেশ ছিল নারী শ্রোতাদের অনেকের সাজসজ্জায়। বাসন্তী শাড়ি ও খোঁপায় বেলিফুলের মালা দিয়ে এসেছিলেন তাঁরা গান শুনতে। গতকাল ছিল বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত পাঁচ দিনের ত্রয়োবিংশ জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবের দ্বিতীয় দিন। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই উৎসবে গতকালের অধিবেশন শুরু হয়েছিল জাতীয় সংগীত দিয়ে। এদিন ছিল সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রবীন্দ্রসংগীতশিল্পীদের একক ও দলীয় পরিবেশনা। প্রথমেই ছিল একক কণ্ঠের গান। চট্টগ্রামের শিল্পী লাকী দাসের গাওয়া ‘আজি গোধূলি লগনে’ গানটি দিয়ে এই পর্ব শুরু। একক গানের শিল্পীদের মধ্যে ছিলেন ইফফাত আরা দেওয়ান, অদিতি মহসিন, হিমাদ্রী শেখর, লাকী দাস, সাবরিনা রহমান, শুক্লা দত্ত, মকবুল হোসেন, খোকন চন্দ্র দাস, নন্দিতা ইয়াসমিন, রিফাত জামাল, ইমদাদ হোসেনসহ প্রায় ২৫ জন শিল্পী।‘আমার নিশীথরাতের বাদলধারা’, ‘আজি যত তারা তব আকাশে’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘তোমার খোলা হাওয়া’, ‘সীমার মাঝে অসীম তুমি’, ‘হে চিরনূতন’, ‘শুভ্র নব শঙ্খ’, ‘আজ যেমন ক’রে গাইছে আকাশ’, ‘চোখের আলোয় দেখেছিলেম’সহ আরও বেশ কিছু সংগীত পরিবেশন করেন শিল্পীরা।দলীয় সংগীত পরিবেশন করে রবিরাগ, সুরের ধারা, উত্তরায়ণ ও বিশ্ববীণা। আজ এখানে থাকবে একক ও দলীয় সংগীত। এ ছাড়া রবীন্দ্রনাথের নাটক বিসর্জন মঞ্চস্থ করবে চট্টগ্রামের তীর্যক নাট্যদল।আশরাফ সিদ্দিকী স্মরণেবাংলাদেশের লোকসাহিত্য ও সংস্কৃতি লিপিবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন ড. আশরাফ সিদ্দিকী। সারা জীবন শিল্প-সংস্কৃতি চর্চায় নিষ্ঠার সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন এ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, দীনেশ চন্দ্র সেন, ড. মুহম্মদ শহীদুল্লাহ ও কবি মনসুর উদ্দিন লোকসাহিত্য ও সংস্কৃতি লিপিবদ্ধ করার যে উদ্যোগ নিয়েছিলেন, আশরাফ সিদ্দিকী তারই ধারাবাহিকতা অনুসরণ করেছিলেন। গবেষণার বাইরেও তিনি একজন সার্থক কবি, ছোটগল্প লেখক ও শিশুসাহিত্যিক। সভায় পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী লোকসাহিত্যের ক্ষেত্রে আশরাফ সিদ্দিকীর বিশেষ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আশরাফ সিদ্দিকী আমাদের সাহিত্যভান্ডারকে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।’ সভায় ‘জীবন সংস্কৃতির জলছবি’ শিরোনামে আশরাফ সিদ্দিকীর জীবন ও কর্মের ওপর একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে তাঁর ১৯টি কবিতাসংবলিত জয়ন্ত চট্টোপাধ্যায়ের আবৃত্তির সিডি এবং কবির ওপর একটি ওয়েবসাইট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াকিল আহমদ, সৈয়দ মনজুরুল ইসলাম, ফকরুল আলম, নাট্যকার মামুনুর রশীদ, চলচ্চিত্রকার সুভাষ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।রংপুর বিভাগীয় নাট্যোৎসব নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুর টাউন হলে ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় নাট্যোৎসব গতকাল শনিবার শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের উদ্বোধন করেন প্রবীণ মুক্তিযোদ্ধা ও ভাষাসংগ্রামী শাহ আবদুর রাজ্জাক। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বি এম এনামুল হক। উৎসবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। গতকাল শনিবার উদ্বোধনী দিনে কারমাইকেল কলেজ রাজ্জাক মুরাদের রচনা ও নির্দেশনায় এখনই সময় এবং গাইবান্ধা সরকারি কলেজ আলাল আহমেদের রচনা ও নির্দেশনায় বিজয়গাথা মঞ্চায়ন করে। আজ রোববার দিনাজপুর আদর্শ কলেজ নাটক অবিরত, ঠাকুরগাঁও সরকারি কলেজ আঁ লে দিশম লে, পঞ্চগড় এম আর কলেজ ৭১-এর অন্ধকার ও কাল সোমবার কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় অন্তর্জালে স্বাধীনতা, লালমনিরহাট বেগম কামরুননেছা ডিগ্রি কলেজ সন্ধ্যার সূর্য ও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল ও কলেজ ক্ষমা নেই মঞ্চায়ন করবে।