কবিতা দিয়ে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয়
দেশ এবং দেশের বাইরে থেকে আসা কবিদের মিলনমেলা আর কবিতার জয়গানের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় কবিতা উৎসব। কবিতায় মনের ভাব প্রকাশের পাশাপাশি উৎসব মঞ্চ থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের ধ্বনি বেজে উঠেছিল কবিদের কণ্ঠে। এ ছাড়া কবিতার মাধ্যমে বিশ্বে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠারও প্রত্যয় ব্যক্ত হয় উৎসবে।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরের সামনে উৎসবের শেষ দিনে কবি ও কবিতাপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল এই উৎসব। অমর একুশের বইমেলায় প্রবেশের আগে ও পরে কবিতা শুনতে এখানে সমবেত হয়েছিল অগণিত দর্শক।উৎসবের শেষ দিনে সকাল ১০টায় ‘ভাষা আন্দোলন ও আমাদের কবিতা’ র্শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাষাসৈনিক আহমদ রফিক। এ সময় আলোচক ছিলেন উত্তম দাশ, নূরুল করিম নাসিম, গোলাম কুদ্দুছ ও কাজল বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টায় অনুষ্ঠিত ‘মুক্তিযুদ্ধ ও আমাদের কবিতা’ শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবুল হাসনাত। এতে আলোচক ছিলেন সৈয়দ আনোয়ার হোসেন, মৃণাল বসু চৌধুরী ও হাসান আরিফ। দুটি সেমিনারে সভাপতিত্ব করেন কবি কাজী রোজী।জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে দুই বছর পর পর একজন কবিকে সেরা কবির স্বীকৃতি দেওয়া হয়। এবার এই স্বীকৃতি পেয়েছেন কবি রবিউল হুসাইন। গতকাল সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার হিসেবে সম্মানসূচক ক্রেস্ট ও নগদ ২৫ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।