কবিতার জন্য কবিকে কারাদণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্ন মতাবলম্বী কবি ঝু ইউফুকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একটি কবিতার মাধ্যমে সরকার উত্খাতে উসকানি দেওয়ার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।‘এটাই সময়’ (ইটস টাইম) শিরোনামে ঝু ইউফুর লেখা এ কবিতাটি অনলাইনে প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশটির সরকার গত বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেপ্তার করে।কারাদণ্ডপ্রাপ্ত এ কবির ছেলে ঝু অ্যাং জানান, চীনের পূর্বাঞ্চলীয় হানজু এলাকার একটি আদালত বলেছেন, ইটস টাইম নামের কবিতায় স্বাধীনতার সমর্থনে জনগণকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইউফুর এ কাজ কঠোর শাস্তির শামিল।ঝু ইউফুর ছেলে আরও জানান, শুনানি শেষে তাঁর বাবাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। তিনি এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।এর আগে এ কবি সরকারবিরোধী কার্যক্রমের জন্য ১৯৯৯ সালে সাত বছর এবং ২০০৭ সালে দুই বছরের জন্য কারাদণ্ড পান। প্রবীণ কবি ইউফু চলতি মাসে ৫৯ বছরে পা দিয়েছেন। ১৯৭৯ সালে চীনে সংঘটিত ‘ডেমোক্রেসি ওয়াল’ আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন।চীনে গত কয়েক মাসে নাশকতামূলক কাজের অভিযোগে আরও তিন ভিন্ন মতাবলম্বীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।