কবির সুমনের ই-মেইল হ্যাক
জনপ্রিয় সংগীতশিল্পী কবির সুমনের ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। গত সোমবার তাঁর মেইল হ্যাক করা হয় বলে জানান তিনি। এ ব্যাপারে শিল্পী কবির সুমন মুঠোফোনে প্রথম আলো ডটকমকে জানান, তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু কখনো ই-মেইল হ্যাক হওয়ার ঘটনা ঘটেনি। কবির সুমন আরও বলেন, ‘যত দূর জানি একটি বিরোধীপক্ষ শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের বিব্রত করার চেষ্টা করছে।’ ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় হয়তো ওই গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের নেতৃত্বে গড়ে তোলা আন্দোলনের পাশে সব সময়ই দাঁড়িয়েছেন কবির সুমন। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে নিজের ওয়েবসাইটে একের পর এক গান তুলেছেন সুমন। গিটারে ঝড় তুলে দাঁড়িয়েছেন শাহবাগের পাশে। সুমনের গান শাহবাগের আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে।