কবিরাজের ওষুধ খেয়ে চার যুবকের মৃত্যু!
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চার যুবকের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার। তাঁরা কবিরাজের কাছ থেকে বলবর্ধক ওষুধ কিনে খেয়েছিলেন বলে জানা গেছে। ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ আরেকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। তবে ওই কবিরাজের পরিচয় পাওয়া যায়নি।মৃত ব্যক্তিরা হলেন কাইকারচালা গ্রামের বাচ্চু মিয়া (২৬), আবদুল লতিফ (৩৫) এবং মনতলা গ্রামের চান মিয়া (২৬) ও আবদুর রহমান (২৩)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন কাইকারচালা গ্রামের রফিকুল ইসলাম (৩০) জানান, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর বন্ধু আবদুর রহমান দুই হাজার ৬৬১ টাকা দিয়ে উপজেলার সাগরদীঘি বাজারের এক কবিরাজের কাছ থেকে জেলিজাতীয় ওষুধ কেনেন। কবিরাজ তাঁদের ওই ওষুধ খাওয়ার পরামর্শ দেন। রাতে পাঁচ বন্ধু মিলে আবদুর রহমানের বাড়িতে ওই ওষুধ খান। ওষুধ খাওয়ার পর থেকে তাঁদের পেটে জ্বালাপোড়া, বমি ও খিঁচুনি শুরু হয়। তিনি ওই কবিরাজের পরিচয় জানেন না বলে উল্লেখ করেন।আবদুর রহমানের মা মাহমুদা খাতুন (৬৫) জানান, শেষ রাতের দিকে পাশের ঘরে শব্দ শুনে তিনি জেগে ওঠেন। ঘর থেকে বেরিয়ে ছেলের ঘরের সামনে গিয়ে দেখেন, তাঁর ছেলেসহ অপর চারজন মাটিতে পড়ে ছটফট করছে। এ সময় তিনি চিত্কার করতে থাকেন। চিত্কার শুনে প্রতিবেশীরা এসে সকালে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।তবে চান মিয়া ঘটনাস্থলেই মারা যান বলে জানান তাঁর মা সুরুজজান বেগম। হাসপাতালে নেওয়ার পর অপর তিনজন মারা যান।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা নাদিম হাসান জানান, চিকিত্সাধীন রফিকুল আশঙ্কামুক্ত নন। তাঁর মতে, কবিরাজি ওষুধ সাধারণত লতাপাতা দিয়ে তৈরি হয়। আর লতাপাতায় এলকালয়েড (বিষাক্ত পদার্থ) থাকে। এই ওষুধ পরিমাণে বেশি খাওয়ায় হূদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া বন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুর রহমান জানান, একটি মুঠোফোন নম্বরের সূত্র ধরে কবিরাজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আবদুর রহমানের ঘর থেকে এক ডিশ হালুয়া এবং বিভিন্ন ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, চান মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ময়নাতদন্ত ময়মনসিংহ হাসপাতালে করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।