কবিরাজের বাড়িতে ২০ শয্যার হাসপাতাল!
ভিজিটিং কার্ডে আবদুল মান্নানের (৬৫) পরিচয় দেওয়া হয়েছে ‘কবিরাজ’ হিসেবে। কার্ডে চিকিৎসার মাধ্যমে শরীরের যেকোনো ভাঙা হাড় জোড়া লাগানোর নিশ্চয়তার কথা বলা হয়েছে। তাতে উল্লেখ রয়েছে, পুরুষ ও মহিলার যেকোনো রোগ সারাতে তিনি সক্ষম।এই চিকিত্সার পুরো আয়োজন রয়েছে তাঁর বাড়িতেই, নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রামে। বাড়িতে ২০ শয্যার একটি ‘হাসপাতাল’ গড়ে তুলেছেন আবদুল মান্নান। বাবা রেফাত প্রামাণিকের কাছ থেকে শেখা চিকিত্সাবিদ্যা দিয়ে ২২ বছর ধরে এই ‘হাসপাতাল’ চালাচ্ছেন তিনি। দেশের অন্য সব হাসপাতালের মতোই সেখানে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীর চিকিত্সা দেওয়া হচ্ছে। বহির্বিভাগের প্রথম দিনের ফি ১০০ টাকা, অন্তর্বিভাগে ভর্তির সময় লাগে ২০০ টাকা। ভর্তির পর রয়েছে আনুষঙ্গিক খরচ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন গতকাল শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া এ ধরনের হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা বেআইনি। তিনি নাটোরের সিভিল সার্জনের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। সম্প্রতি এক দুপুরে ইসলামপুর গ্রামে মান্নান কবিরাজের বাড়িতে গিয়ে দেখা যায়, টিনশেডের একটি পাকা ঘরের বারান্দা ও মেঝে থেকে শুরু করে বাড়িজুড়ে রোগীর জন্য ২০টি শয্যা পাতা রয়েছে। উঠানের উত্তর পাশে চাটাইয়ের বেড়া। এর ওপর টিন দিয়ে দুটো ঘর বানানো হয়েছে। সেখানেও রোগী রয়েছে। মেঝেতে যারা রয়েছে, তাদের জন্য খড়ের ওপর পাটি বিছিয়ে তৈরি করা হয়েছে শয্যা। একজন পা ভাঙা রোগীর পায়ের দুই পাশে ইট ও কাঠ দিয়ে সোজা করে নিচের দিকে টানা দিয়ে রাখা হয়েছে। বাড়ির পেছন দিকে রয়েছে রান্নার জন্য বেশ কয়েকটি চুলা। রোগীর সঙ্গে আসা লোকজন সেখানে রান্নার আয়োজনে ব্যস্ত।বেশ কয়েকজন রোগীর সঙ্গে কথা হয় কবিরাজের হাসপাতালে। ভটভটি দুর্ঘটনায় ডান পা ভাঙে পাবনার সাঁথিয়া উপজেলার রগুরামপুর গ্রামের ইকবাল হাসানের। পাবনা সদর হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সা নেন। তাতে পা পুরোপুরি ভালো হয়নি। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আসা আবদুস সাত্তার জানান, ‘আট মাস আগে তিনি সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেন। সুস্থ হননি। তাঁদের দাবি, কবিরাজের কাছে এসে ভালো বোধ করছেন।’রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিত্সক প্রথম আলোকে জানিয়েছেন, কবিরাজের কাছে চিকিত্সা নিয়ে সুস্থ না হওয়া বহু রোগী হাসপাতালে আসে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত এমন দুজন রোগী হাসপাতালে ভর্তি ছিল। বাঘা উপজেলার নওটিকা গ্রামের আবদুল হালিম জানান, তাঁর সাত বছর বয়সী ভাতিজা দীপুর ভাঙা হাতের চিকিত্সার জন্য তিনি প্রায় ১০ বার মান্নান কবিরাজের কাছে যান। প্রথম দিন তাঁর কাছ থেকে ২২০ টাকা ফি নেওয়া হয়। এরপর প্রতি শনি ও মঙ্গলবার ২০ টাকা করে নিয়ে দীপুকে তিনি চিকিত্সা দেন। কিন্তু দীপুর হাত ভালো হয়নি। এখন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীপুর চিকিত্সা করাচ্ছেন। লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা চিকিত্সক মুস্তাফিজুর রহমান বলেন, এটি কখনোই বিজ্ঞানসম্মত চিকিত্সা পদ্ধতি হতে পারে না। তিনি বলেন, ‘দেশের মানুষের অসচেতনতার কারণে ও স্বাস্থ্যনীতি কার্যকর না হওয়ায় এ ধরনের কবিরাজেরা মানুষকে চিকিত্সা দেওয়ার নামে ধোঁকা দিচ্ছেন।’ তিনি বলেন, ভাঙা হাড় অনড়ভাবে সোজা করে রাখলে প্রাকৃতিকভাবেই কিছুদিন পর জোড়া লেগে যায়।কবিরাজ আবদুল মান্নান বলেন, বাবা রেফাত প্রামাণিকের কাছ থেকে তিনি এই চিকিত্সাবিদ্যা রপ্ত করেন। বিভিন্ন গাছগাছড়ার রস দিয়ে ওষুধ তৈরি করেন। পাতার রসের পাশাপাশি অন্য ওষুধও ব্যবহার করেন। এতে তাঁর বেশ খরচ হয়। অবশ্য সেটা কখনোই ১০ হাজারের বেশি হয় না। তিনি জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ট্রেড লাইসেন্স নিয়ে এই চিকিত্সা-ব্যবসা করছেন। লালপুর উপজেলার চংধুপইল ইউপি চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ বলেন, তাঁর ইউনিয়নে চিকিত্সা-ব্যবসা করছে, সেই মর্মে তিনি ট্রেড লাইসেন্স দিয়েছেন। এখন ব্যবসাটা বৈধ কি অবৈধ, এটা দেখার দায়িত্ব তাঁর নয়। এ ব্যাপারে গতকাল বিকেলে নাটোরের সিভিল সার্জনের সঙ্গে মঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।