কবিরাজের বাড়ির উঠানে একটি গর্ত করা হয়। গর্তের মাঝখানে একটি কলাগাছ পুঁতে সেখানে নামিয়ে দেওয়া হয় শিশু গোলাম রব্বানীকে (৮)। শিশুটিকে কলাগাছ আঁকড়ে ধরতে বলে গর্তে কেরোসিন তেল, গোলাপজল ও একটু পানি ঢালা হয়। এবার গর্তের ভেতর আগুন জ্বেলে কবিরাজ সিজদায় চলে যান। ঘটনাস্থলে উপস্থিত শিশুর খালুকে কবিরাজ নির্দেশ দেন, তিনি ফিরে না আসা পর্যন্ত যেন রব্বানীকে তোলা না হয়।গর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। পুড়তে থাকে শিশুটির শরীর। যন্ত্রণায় সে চিৎকার করে কাঁদলেও কবিরাজের নির্দেশমতো খালু ছিলেন নির্বিকার। কবিরাজ ফিরে আসতে আসতে শিশুটির শরীরের অনেকটা অংশ পুড়ে যায়। পোড়া শরীর নিয়ে রব্বানী এখন ছটফট করছে হাসপাতালের বিছানায়।গত বুধবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের দাউদপুর গ্রামে ঘটা ঘটনাটির এই বর্ণনা দেন রব্বানীর খালু বাবু ইসলাম নিজেই। উপজেলার গোয়ালকান্দি গ্রামে বাবুর বাড়ি। রব্বানীকে ধরে রাখায় তাঁরও দুই হাত দগ্ধ হয়েছে। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাবু বলেন, ‘জিনের আছর’ ছাড়াতে রব্বানীকে কবিরাজ আবদুল ওয়াহেদের (৪৫) কাছে নিয়ে গেলে তাঁর কথিত ‘অগ্নি চিকিৎসায়’ শিশুটির এই পরিণতি হয়। রব্বানীর বাড়ি ভবানীগঞ্জ পৌর এলাকার সাদোপাড়া মহল্লায়। তাঁদের বাড়িতে গেলে রব্বানীর বাবা কৃষক কাউছার আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে মাথাব্যথায় ভুগছিল। কিছুদিন আগে বাবু এসে দাউদপুর গ্রামের কবিরাজ আবদুল ওয়াহেদের নাম উল্লেখ করে বলেন, তাঁর চিকিৎসায় রব্বানী ভালো হতে পারে। এরপর একদিন রব্বানীকে ওই কবিরাজের বাড়িতে নিয়ে যান বাবু। কবিরাজের ঝাড়ফুঁকে কিছুটা কাজ হয় বলে তাঁদের ধারণা জন্মে। কবিরাজ তখন বলেন, রব্বানীর ওপর জিনের আছর আছে। বুধবার রাতে জিন তাড়াতে ওয়াহেদের কাছে রব্বানীকে নিয়ে গেলে কবিরাজ ‘অগ্নি চিকিৎসা’ দেন।অগ্নিদগ্ধ রব্বানীকে প্রথমে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তুষার দাস বলেন, বাবুর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে রব্বানীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের ২০ নম্বর শয্যায় চিকিৎসাধীন অবস্থায় পাওয়া যায়। তার কোমর থেকে নিচের পুরো অংশে ব্যান্ডেজ জড়ানো। তার দুই হাতও পুড়েছে। ছটফট করতে করতে রব্বানী চিৎকার করে বলছিল, ‘বাবা রে, ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে...!’রব্বানীর পাশে আপনজন বলতে কেবল তার মায়ের ফুপু রাশেদা খাতুনকে (৫০) পাওয়া যায়। নিরুপায় হয়ে বসে ছিলেন তিনি। ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক আফরোজা সুলতানা বলেন, শিশুটির শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হচ্ছে।গতকাল দুপুরে কবিরাজ ওয়াহেদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাড়িতে খোঁড়া গর্তটি ভরাট করা হয়েছে। ওয়াহেদের প্রতিবেশীরা রব্বানীকে তাঁর ‘অগ্নিচিকিৎসা’ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ওয়াহেদ দাবি করেন, পাঁচ বছর আগে তিনি স্বপ্নে এই ‘কবিরাজি শিক্ষা’ পেয়েছেন। তখন থেকে তিনি নিজ বাড়িতে কবিরাজি করছেন। তিনি বলেন, রব্বানীর ওপর জিন ভর করেছিল। শিশুটির পুড়ে যাওয়া ঘটনাকে তিনি নিছক দুর্ঘটনা বলে অভিহিত করেন।শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা বলেন, রব্বানীকে ওয়াহেদের ‘অগ্নি চিকিৎসা’ দেওয়ার কথা তিনি শুনেছেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘অগ্নি চিকিৎসার’ চক্করে পড়ে একটি শিশু দগ্ধ হয়েছে বলে তিনি শুনেছেন। তবে কেউ তাঁর কাছে অভিযোগ নিয়ে আসেনি। এলে ব্যবস্থা নেবেন।