কবিরের ভাগ্য গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবির হোসেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে বসে টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করেন। মাঝেমধ্যে মিরপুর ১ নম্বর সেকশন মোড়ের দিকে ফুটপাতে বসেন। সকাল ১০টায় এসে স্টেডিয়ামের গাছের ছায়ার নিচে বসে যান, থাকেন সন্ধ্যা পর্যন্ত।কবির হোসেন টাকার জন্য জোরাজুরি করেন না, যে যা দেয় তা-ই নেন। তিনি জানান, কেউ দুই টাকার নিচে দেয় না। তিনি এই পেশায় ১০ বছর ধরে। দিনে তাঁর আয় ১০০ থেকে ১৫০ টাকা। তবে কোনো কোনো দিন তাঁর আয় অনেক কমে যায়। তখন দিনের খাবারের খরচও আসে না। মন্দার সময় বিকেলে বাঙি বা শসা বিক্রি করেন।কবির হোসেন জানান, টিয়া দিয়ে ভাগ্য গণনা মানুষ শখে করে। বেশির ভাগ মানুষ আসলে টিয়া পাখিটার কাণ্ডকারখানা দেখে। অনেকে আবার খারাপ কথাও বলে। কেউ কেউ আবার টিয়া দিয়ে ভাগ্য গণনা করতে বিশ্বাস করে। আবার যাদের দিন ভালো যাচ্ছে, তাদের এসব দেখার সময় নেই।সাব্বির হোসেন নামে এক অবাঙালি কবির হোসেনকে এই টিয়া পাখিটা দিয়েছেন। সেই লোক আগে টিয়া পাখিটা দিয়ে এই ব্যবসা করতেন। তিনি অসুস্থ হয়ে গেলে কাজ বন্ধ করে দেন। কবির পাখিটা বিনা পয়সায় পেয়ে যান।কবির হোসেন রাতে ঘুমান মিরপুর ১২ নম্বর সেকশনে হাজির বিল্ডিংয়ের লন্ড্রি আল করিম ড্রাই ক্লিনার্সে। এ জন্য প্রতি মাসে ২০০ টাকা দিতে হয় তাঁকে। কবির হোসেন রাতে মূলত লন্ড্রিটা পাহারা দেন। ধোপাকে শাড়ি-চাদর ভাঁজ করতে মাঝেমধ্যে সাহায্য করেন। কবির জানান, ১০ বছর ধরে তিনি এই লন্ড্রিতে ঘুমান। ঘুমাতে ঘুমাতে রাত ১২টা বাজে। আবার সকালে ঘুম থেকে উঠতে হয়। কবির দুই বেলা ভাত খান খুশি নামে এক মহিলার বাসায়। তিনি তাঁকে খুশি খালা বলে ডাকেন। দুই বেলা খাওয়ার জন্য ৪০ টাকা দিতে হয় কবিরকে। তিনি জানান, তাঁর মতো আরও তিনজন খুশির বাসায় খান।কবির হোসেনের দেশের বাড়ি বরিশালের বানারীপাড়ার বড় চাউলাকাঠি গ্রামে। শেরেবাংলা এ কে ফজলুল হকের এলাকার লোক বলে কবির গর্বিত। বাড়িতে থাকে কবিরের স্ত্রী আর দুই মেয়ে। মেয়েরা স্কুলে পড়ে। কবিরের মোট চার মেয়ে। বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তিনি জানান, প্রতি মাসে হাজার তিনেক টাকা বাড়িতে পাঠান। দুই-তিন মাস পর পর বাড়ি যান। আট থেকে ১০ দিন বাড়িতে কাটিয়ে আসেন তিনি।তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি তাঁদের এলাকার বিখ্যাত মুক্তিযোদ্ধা হায়দার গাজী, নিজাম গাজী ও মতি গাজীর সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন। মতি গাজী মুক্তিযুদ্ধে নিহত হন শরশিনার যুদ্ধে। ‘৪০ বছর হইয়া গেল মতি গাজী শহীদ হইছে। মনে হয় সে দিনের ঘটনা।’