কবীর চৌধুরী আমৃত্যু ন্যায়ের প্রশ্নে ছিলেন অবিচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবরেণ্য বুদ্ধিজীবী বাংলা একাডেমীর সভাপতি ও সম্মানিত ফেলো সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী স্মরণে বাংলা একাডেমীতে গতকাল শনিবার বিকেলে একাডেমীর রবীন্দ্রচত্বরে এক শোকসভা অনুষ্ঠিত হয়।শোকসভায় স্মৃতিচারণা করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইকবাল বাহার চৌধুরী, কথাশিল্পী সেলিনা হোসেন, অর্থনীতিবিদ অধ্যাপক কাজী খলীকুজ্জমান আহমদ, অধ্যাপক করুণাময় গোস্বামী, সাংসদ বেবী মওদুদ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং কবীর চৌধুরীর বড় মেয়ে অধ্যাপক শাহীন মাহবুবা কবীর। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। শোকসভায় কবীর চৌধুরী স্মরণে সৈয়দ শামসুল হক স্বরচিত কবিতা পাঠ করেন।শোকসভায় বক্তারা বলেন, স্বপ্নচারী দূরদৃষ্টিসম্পন্ন আধুনিক চিন্তার মানুষ কবীর চৌধুরী আমৃত্যু ন্যায়ের প্রশ্নে ছিলেন অবিচল ও অকুতোভয়। তাঁর লেখকসত্তা ও ব্যক্তিত্ব ছিল বহুমাত্রিক ও নিরীক্ষাপ্রবণ। মুক্তিযুদ্ধের সময় বাংলা একাডেমীর পরিচালক থাকাকালে পাকিস্তান সরকারের তৈরি করে দেওয়া মিথ্যা বিবৃতিতে স্বাক্ষর না করে তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দেন, সমকালে তার তুলনা মেলা ভার।আলোচকেরা বলেন, মুক্তিযুদ্ধকালে যেমন ছিল তাঁর সাহসী ভূমিকা, তেমনি স্বাধীনতাত্তোর বাংলাদেশে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। যুদ্ধাপরাধবিরোধী আন্দোলনে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। শুদ্ধ বাঙালির প্রতিকৃতি। তাঁর লিখে যাওয়া শেষ ইচ্ছার মধ্য দিয়ে অনুষ্ঠানসর্বস্বতার বিপরীতে তাঁর পরিশীলিত রুচির প্রকাশ মেলে।বক্তারা আরও বলেন, সবার জন্য অসীম ভালোবাসায় পরিপূর্ণ ছিল তাঁর ব্যক্তিসত্তা। ব্যক্তির বৃত্ত ছাপিয়ে তিনি ক্রমেই এক প্রতিষ্ঠানে পরিণত হন। আধুনিক বিজ্ঞানভিত্তিক জাতীয় শিক্ষানীতি প্রণয়নে তাঁর ভূমিকা স্মরণযোগ্য। তাঁর মৃত্যুতে বাংলা ভাষা-সাহিত্য ও বৃহত্তর বাঙালি এক সাহসী অভিভাবক হারাল।বিপুল ও অনন্য অনুবাদকর্মের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত কবীর চৌধুরী ছিলেন একজন সক্রিয় লেখক ও যোদ্ধা।একাডেমী সূত্রে জানা গেছে, অচিরেই কবীর চৌধুরীর প্রামাণ্য জীবনীগ্রন্থ ও তাঁর স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে। এ ছাড়া তাঁর স্মরণে উত্তরাধিকার পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এ ছাড়া বাংলা একাডেমী প্রাঙ্গণে কবীর চৌধুরীর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।