কবীর চৌধুরীর শেষ ইচ্ছা
চলমান জীবনের কথা নিয়ে ২০০৬ সালে আবারও লিখতে চাইছিলেন স্মৃতিকথা। কিন্তু সেই স্মৃতিকথার নাম কী হবে, তা নিয়ে কবীর চৌধুরীর নাতনিদের সঙ্গে চলে আলোচনা। তিনি ‘শেষ বেলাকার কথকতা’ নামটি পছন্দ করলেও নাতনিরা প্রবল আপত্তি তোলেন। অবশেষে একটা রফা হয়। ‘শেষ বেলা নয়’ এ লেখার নাম হবে ‘বেলা শেষের কথকতা’ বলে ঠিক করেন অধ্যাপক কবীর চৌধুরী। তিনি নামটি নিয়ে বলেছেন, ‘এখানে মৃত্যুর অনুষঙ্গ একটু নমনীয়। একটু শিথিল, একটু দূরাগত।’ তবে তখন তাঁর মনে প্রশ্ন জেগেছিল, ‘আমার শেষ বেলা এখন না হলে কখন হবে?’বাংলা একাডেমীর মাসিক উত্তরাধিকার পত্রিকা ধারাবাহিকভাবে প্রকাশ করছিল তাঁর আত্মজীবনীমূলক রচনা ‘নাই বা হলো পারে যাওয়া’। পত্রিকাটির এ বছরের আশ্বিন সংখ্যায় তাঁর ওই ধারাবাহিকের সপ্তম পর্বের একটি অংশে মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে কী করা হবে, সে সম্পর্কে কিছু ইচ্ছার কথা লিখে যান। তিনি লিখেছেন, ‘আমি মৃত্যুর পর দ্রুত সমাহিত হতে চাই। চার-পাঁচ ঘণ্টার মধ্যে হলেই ভালো হতো। নিকটস্থ মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একটি জানাজাই হবে। তার বেশি নয়। আমার মরদেহ শহীদ মিনার, বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভৃতি কোথাও কারো শ্রদ্ধা প্রদর্শনের জন্য রাখা হবে না। কোনো মিলাদ, কুলখানি, চল্লিশা ইত্যাদি হবে না। আমি সেখানে সমাহিত চাই, যেখানে নির্দিষ্ট সময়ের পর আরেকজন সমাহিত হতে পারবেন আমার কবরের ওপরেই।’‘নাই বা হলো পারে যাওয়া’ ছিল লেখকের জীবদ্দশায় আত্মজীবনীমূলক সর্বশেষ প্রকাশিত রচনা।