কবুতর পালন করে তিনি স্বাবলম্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে শখ করে কবুতর পালন শুরু করেন ঝিনাইদহের বেকার যুবক বাদশা আহম্মদ ওরফে দুুদু। তাঁর ওই শখের কবুতর আজ উপার্জনের পথ করে দিয়েছে। কবুতর পালন করে দুদু এখন মাসে ১২-১৫ হাজার টাকা আয় করছেন।বাদশা আহম্মদ দুদু ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামের মৃত ইলা মণ্ডলের পুত্র। তিন ভাইয়ের মধ্যে দুদু সবার ছোট। ভাইয়েরা সবাই কৃষিকাজ করে সংসার চালান। একেক ভাইয়ের তিন বিঘা করে জমি আছে। ওই জমি চাষ করে তাঁদের ঠিকমতো সংসার চলত না। এক প্রকার বেকার ছিলেন দুদু। দুদু জানান, তিনি ২০০৭ সালে শখ করে কবুতর পালন শুরু করেন। গ্রামের আর দশজনের মতো কবুতর পালন শুরু করলেও তাঁর লক্ষ্য ছিল নানা জাতের কবুতরের দিকে। একদিন তাঁদের গ্রামের আয়ুব হোসেনের কাছ থেকে জানতে পারেন, কুষ্টিয়া এলাকায় উন্নত জাতের কবুতর পালন করে অনেকে স্বাবলম্বী হয়েছেন। এই খবর পেয়ে আয়ুব হোসেনকে নিয়ে চলে যান কুষ্টিয়ার জেলখানা এলাকায়। সেখানে একটি কবুতরের ফার্ম থেকে বাচ্চা কিনে নিয়ে আসেন। এভাবে বিভিন্ন জাত ও রং-বেরঙের কবুতর দিয়ে সমৃদ্ধ করে তোলেন নিজের ফার্মটি। বর্তমানে তাঁর ফার্মে ২৮ জাতের তিন শতাধিক কবুতর আছে। এগুলো হলো স্ট্রেচার, রেঞ্জ, মেডোনা, শার্টিং, শর্টপিস, চন্দন, আওয়াল, হোয়াইট কিং, সিরাজি, ময়ূরী, পারভিন, গ্রিবাজ, লোটন, হাইপিলার, সিংহ, কোটার বল এবং কিং জাতের সাদা, কালো, হলুদ, ব্লু, লাল রঙের তিন শতাধিক কবুতর রয়েছে। বিচিত্র জাতের কবুতরের মধ্যে কোটার বল দেখতে ফুটবলের মতো, আর সিংহ জাতের কবুতর দেখতে সিংহের মতো। কবুতরগুলো আকৃতিতে মোটা ও তরতাজা। দুদুর কবুতর মাটিতে ও আকাশে ডিগবাজি দিয়ে মানুষকে আনন্দ দেয়। দুদু জানান, গত তিন বছর তিনি কবুতরের বাচ্চা বিক্রি করছেন। এক জোড়া কবুতর তিনি ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন। প্রতিদিন তাঁর মাত্র তিন ঘণ্টা পরিশ্রম করতে হয়। সকালে কবুতরের খাবার দেওয়া এবং ঘর পরিষ্কার করতে হয়। এ ছাড়া বিকেলে মাত্র আধাঘণ্টা খাবার দেওয়ার কাজে সময় দিলেই চলে। বর্তমানে প্রতি মাসে খরচ বাদে তাঁর ১২-১৫ হাজার টাকা আয় হচ্ছে। এই টাকা দিয়ে তিনি সংসার চালানোর পাশাপাশি চার রুমের একটি সেমিপাকা বাড়ি নির্মাণ করেছেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে দুদু বর্তমানে সুখের সংসার করছেন। আগে রোগ-বালাইয়ে তাঁর অনেক কবুতর মারা গেছে, কিন্তু এখন তিনি কবুতরের চিকিৎসাপদ্ধতি বুঝে গেছেন। এখন আর কোনো কবুতর মারা যাচ্ছে না। স্ট্রেচার, রেঞ্জ ও মেডোনা জাতের কবুতরের দাম বেশি বলে তিনি জানান। স্ট্রেচার জাতের এক জোড়া কবুতর তিনি ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছেন। ফার্মের লোটন ও গ্রিবাজ জাতের কবুতর মাটিতে ও আকাশে ডিগবাজি দিয়ে মানুষকে আনন্দ দেয়। কবুতরের পাশাপাশি তিনি ছাগল, গরু ও হাঁস-মুরগি পালন করেন বলে জানান। তবে কবুতরই তাঁর ভাগ্য ফেরাতে সহায়তা করেছে। তাঁর কাছ থেকে বাচ্চা নিয়ে বর্তমানে ঝিনাইদহ, হরিণাকুণ্ডু উপজেলায় বেশ কয়েকটি ফার্ম গড়ে উঠেছে। তাঁরা বিভিন্ন সময় তাঁর কাছ থেকে পরামর্শ নিয়ে থাকেন। দুদুর স্ত্রী নাসরিন বেবী বলেন, ‘প্রথম দিকে স্বামীর এই কবুতর পালনের শখে আমি বিরক্ত হয়েছি। অনেক মূল্যের কবুতর মারা গেছে। এখন আর মারা যায় না। নানা জাতের দামি কবুতর দেখে আনন্দ লাগে। আরও ভালো লাগে যখন এলাকার মানুষ আমাদের কবুতর দেখতে আসে।’