কবুতরের দিগভ্রান্তির পেছনে
দিক নির্ণয়ে কুশলী গৃহপালিত কবুতর যুক্তরাষ্ট্রের জার্সি হিল এলাকায় গেলে দিগভ্রান্ত হয়ে হারিয়ে যায়। গবেষকেরা দাবি করেছেন, কবুতরের এই আকস্মিক হারিয়ে যাওয়ার রহস্যের সমাধান করতে পেরেছেন তাঁরা। এ ক্ষেত্রে ওই এলাকায় শব্দের বিশেষ মানচিত্র অনুসরণে ব্যর্থ হয় বলেই কবুতরগুলো হারিয়ে যায়। তবে এ নিয়ে বিতর্কও রয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে নিউইয়র্ক অঙ্গরাজ্যের নির্দিষ্ট এলাকায় কবুতরের আকস্মিক হারিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে গবেষণা করছিলেন গবেষকেরা। তবে দিক নির্ণয়ে কুশলী কবুতরের এই অঞ্চলে অস্বাভাবিক আচরণের বিষয়টি কিনারা করতে পারছিলেন না তাঁরা।‘এক্সপেরিমেন্টাল বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষকেরা দাবি করেন, কবুতর কম কম্পাঙ্কের শব্দ ব্যবহার করে এবং সেই শব্দের গতিপথ অনুসরণ করে দূর থেকে বাড়িতে ফিরতে পারে। কিন্তু এ কম্পাঙ্কে ব্যাঘাত ঘটলে বা শুনতে না পেলে কবুতর হারিয়ে যেতে পারে। পরিবেশ থেকে সৃষ্ট এ কম্পাঙ্ক সংশ্লিষ্ট এলাকার তাপমাত্রা ও বাতাসের ওপর নির্ভর করে।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের গবেষক ও গবেষণাপত্রের প্রধান লেখক জোনাথান হ্যাগসট্রামের তথ্যমতে, কবুতর ‘অ্যাকুসটিক ম্যাপ’ বা ‘শব্দের মানচিত্র’ তৈরি করতে পারে।তবে গবেষক জোনাথানের নতুন তত্ত্বের সঙ্গে একমত নন অন্যান্য গবেষক। কবুতরের দিক নির্ণয়ের বিষয়টি বিতর্কিত বলেই তাঁদের মত।