কভার লেটার হবে সংক্ষিপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে ৭ জুন এসেছিলেন এইম প্লাস কনসালট্যান্সির প্রধান নির্বাহী কর্মকর্তা এ আই মকবুল আহমেদ। কথা বলেছেন কথাবন্ধু পম্পা ঘোষের সঙ্গে। জীবনবৃত্তান্ত ও কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।কথাবন্ধু: এইম প্লাস কনসালট্যান্সি মূলত কী ধরনের কাজ করে?এ আই মকবুল আহমেদ: এইম প্লাস কনসালট্যান্সি কয়েকটি বিভাগে কাজ করছে। এর মধ্যে রয়েছে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, মানবসম্পদ প্রশিক্ষণ, শিল্প ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইত্যাদি। একই সঙ্গে আমরা বাজার জরিপের কাজও করছি। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কর্মী নিয়োগের বিষয়েও আমরা সাহায্য করছি। কথাবন্ধু: কভার লেটারের গুরুত্ব কতখানি? এটা কি বাধ্যতামূলক?এ আই মকবুল আহমেদ: কভার লেটারের ওপরও অনেক সময় নির্ভর করে আপনার চাকরি পাওয়া না-পাওয়া।তাই একটু সাজিয়ে-গুছিয়ে কভার লেটার (চাকরির আবেদনপত্র) তৈরি করা উচিত। যথাসম্ভব পেশাদারি ভাব মেনে চলতে চেষ্টা করুন। কভার লেটারে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগের ঠিকানার পাশাপাশি যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করবেন তার নাম, ঠিকানা ও চাকরির রেফারেন্স (যে সূত্র থেকে এ চাকরির খোঁজ পেয়েছেন) লিখতে হবে। এটা প্রমাণ করবে যে আপনি কাজের ক্ষেত্রে কতটা সংগঠিত এবং কার্যকরী। তবে কভার লেটার সংক্ষিপ্ত আকারে লিখে বিস্তারিত জীবনবৃত্তান্তে লেখা উচিত। কথাবন্ধু: জীবনবৃত্তান্ত কীভাবে লেখা উচিত? এ আই মকবুল আহমেদ: সিভি অর্থাৎ জীবনবৃত্তান্ত লেখার ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত। অনেকেই জীবনবৃত্তান্তে অপ্রয়োজনীয় তথ্য উল্লেখ করে তা বড় করার চেষ্টা করেন। সিভি যতটা পারা যায় সংক্ষিপ্ত করা উচিত। এতে কোনো চাতুরি করে লাভ নেই। তাই সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে সিভি লেখা উচিত। এ জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঠিক করে স্পষ্টভাবে লিখতে হবে। মনে রাখবেন, জীবনবৃত্তান্তের মধ্যে আপনি নিজেকেই প্রকাশ করছেন। ক্যারিয়ার অবজেকটিভ অর্থাৎ পেশাজীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছোট বাক্যে লিখুন। কথাবন্ধু: সিভিতে কী কী বিষয় না লেখা উচিত?এ আই মকবুল আহমেদ: সব প্রতিষ্ঠানের জন্য একই রকম জীবনবৃত্তান্ত দেওয়া উচিত নয়। এ ছাড়া কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন, জীবনবৃত্তান্তে রক্তের গ্রুপ, উচ্চতা, গায়ের রং দেওয়ার প্রয়োজন নেই। কথাবন্ধু: সিভি লেখার ক্ষেত্রে অভিজ্ঞতা কোথায় উল্লেখ করা উচিত? এ আই মকবুল আহমেদ: অভিজ্ঞতার অতিরিক্ত তথ্য দিয়ে জীবনবৃত্তান্ত বড় করা উচিত নয়। কেউ যদি অনেক অভিজ্ঞতা অর্জন করে থাকেন তাহলে সংক্ষিপ্তরূপে মূল তথ্য জীবনবৃত্তান্তে সংযুক্ত করুন। সে ক্ষেত্রে অভিজ্ঞতা এবং শিক্ষাগতযোগ্যতা জীবনবৃত্তান্তের শুরুতেই রাখা উচিত।কথাবন্ধু: মৌখিক পরীক্ষার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত?এ আই মকবুল আহমেদ: আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদ ও প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে জানতে হবে। এ ক্ষেত্রে আপনি পরিচিত কারও কাছ থেকে প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজখবর নিতে পারেন। কম্পিউটার জানা থাকতেই হবে। আপনি যে পদের জন্য আবেদন করেছেন সেখানে আপনার কী কাজ হবে তা আগে থেকে জানা উচিত। সেই প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে যোগাযোগ করতে পারেন।কথাবন্ধু: মৌখিক পরীক্ষার আগে অনেকেই ভয় পান, এই ভীতি কাটানোর উপায় কী? পোশাক কী ধরনের হওয়া উচিত?এ আই মকবুল আহমেদ: মৌখিক পরীক্ষার আগে নিজেই কিছু প্রশ্ন তৈরি করুন। প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। এ জন্য জ্যেষ্ঠ কারও সঙ্গে কথা বলতে পারেন। তাহলে কথা জড়িয়ে যাওয়ার প্রবণতা কমে আসবে। মৌখিক পরীক্ষার আগে জোরে জোরে নিঃশ্বাস নিন। ভীতি কাজ করবে না। পোশাকের ক্ষেত্রে হালকা রঙের শার্ট পরা উচিত। যাতে চোখে আলাদা করে ধরা না যায়। প্যান্টের ক্ষেত্রে কখনোই জিনস পরা উচিত হবে না। মৌখিক পরীক্ষার সময় টাই পরা উচিত। কথাবন্ধু: প্রশিক্ষণের প্রয়োজনীয়তা কতটুকু? এ আই মকবুল আহমেদ: এককথায় প্রশিক্ষণ হচ্ছে অভিভাবক। যেকোনো চাকরির ক্ষেত্রেই কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ জন্য প্রতিষ্ঠানগুলো চাকরিতে যোগদানের আগে এবং পরে প্রশিক্ষণ দিয়ে থাকে। কারণ প্রশিক্ষণ থাকলে যেকোনো কাজই সহজে করা যায়। কথাবন্ধু: চাকরিতে যোগদানের পরবর্তী পদক্ষেপগুলো কী হবে? এ আই মকবুল আহমেদ: চাকরিতে যোগদানের শুরুতেই সবার সঙ্গে মানিয়ে নিতে হবে। সবার কাছ থেকে কাজ শেখার মানসিকতাও থাকা উচিত। জানার আগ্রহ থাকতে হবে। এ জন্য ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কারও সাহায্য নিতে পারেন। এ বিষয়গুলো ঠিক থাকলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। কথাবন্ধু: কর্মক্ষেত্রে আচরণ কেমন হওয়া উচিত?এ আই মকবুল আহমেদ: কর্মক্ষেত্রে সব সময় স্বাভাবিক আচরণ করা উচিত। এ ছাড়া সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে। একসময় অন্য সহকর্মীরা আপনাকে দেখেই শিখবে। গ্রন্থনা: সুদীপ দে