কভার্ডভ্যানের জন্য নতুন সময়সূচি বাতিলের দাবিতে লাগাতার ধর্মঘট
রাজধানীতে কভার্ডভ্যান প্রবেশে নতুন সময়সূচি বাতিলের দাবিতে গতকাল শনিবার থেকে ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ লাগাতার ধর্মঘট শুরু করেছে। আজ রোববারও এ ধর্মঘট অব্যাহত রয়েছে।ঐক্য পরিষদের পক্ষ থেকে বলা হয়, সরকার বর্তমানে রাজধানীতে রাত ১১টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কভার্ডভ্যান প্রবেশের সময়সূচি বেঁধে দিয়েছে। এ অবস্থায় একটি গাড়ি লাইনে আসতে রাত দেড়টা থেকে দুইটা বেজে যাবে। এতে পণ্যের ওঠানামা করানো কঠিন হয়ে পড়বে এবং সংশ্লিষ্টরা ক্ষতিগ্রস্ত হবেন।ঐক্য পরিষদের পক্ষ থেকে আরও বলা হয়, কোনো ধর্মঘটের ডাক দেওয়া হলে সরকার পণ্য পরিবহন সংস্থার মালিকদের এড়িয়ে ট্রাকচালকদের সঙ্গে আলোচনা করে থাকে। এতে সমস্যার সমাধান হয় না।নেতারা বলেন, রাজধানী থেকে প্রায় ৭০ ভাগ পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এতে প্রায় এক হাজার কভার্ডভ্যান ব্যবহার করা হয়। গত শনিবার থেকে পণ্য পরিবহন (কভার্ডভ্যান) সংস্থার সব কার্যক্রম বন্ধ থাকায় সারা দেশেই পণ্য পরিবহন প্রায় বন্ধ হয়ে পড়েছে। অন্যান্য এজেন্সির গাড়িগুলো ভয়ে ঢাকা ঢুকতে পারছে না। এতে পাইকারি ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে তাঁরা জানান। তাঁরা বলেন, পুরান ঢাকা ব্যবসার প্রাণকেন্দ্র। কিন্তু এখানে পণ্য ওঠানামার জন্য কোনো টার্মিনাল নেই। তাঁরা কেরানীগঞ্জে একটি টার্মিনাল নির্মাণেরও দাবি জানান। এ ছাড়া যানজট নিরসনে রাজধানীর চৌরাস্তা ও রেলক্রসিংগুলোয় সুড়ঙ্গ পথ নির্মাণের দাবি করে তাঁরা বলেন, এতে যানবাহনের চাপ অনেক কমে যাবে।ঐক্য পরিষদের সমন্বয়কারী দোলন বড়ুয়া এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে ঐক্য পরিষদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানান। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দেন তাঁরা।