কম খাওয়ার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর
খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে সাধারণ মানুষকে কম খেতে পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেছেন ‘আপনারা কম খান, সবকিছু ঠিক হয়ে যাবে।’আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। ভলান্টারি কনজ্যুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি (ভোক্তা) নামক একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে ও দ্রব্যমূল্য কমাতে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, সবার সচেতনতা ও সহযোগিতা ছাড়া খাদ্যে ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবে না।অনুষ্ঠানে ভোক্তার সভাপতি মো. আলী জিন্নাহর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসেন উদ্দিন শেখর মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক এ বি এম ফারুক, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক এস এম ইমামুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লতিফুল বারী, ক্যাবের সভাপতি কাজী ফারুক প্রমুখ।একে আজাদ বলেন, খাদ্য ভেজাল প্রতিরোধে যাঁরা কাজ করছেন, তাঁদের পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। তাঁদের পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ করলে ভেজাল প্রতিরোধে তাঁরা কাজ করতে পারবেন বলে মনে করেন তিনি। ইউএনবি