কম খাওয়ার সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক নেই
কম খেলে বা না খেয়ে থাকলে আয়ু বাড়ে। অনেক দিন ধরে এ ধারণা প্রচলিত। কিন্তু এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এই গবেষণাবিষয়ক একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘নেচার’ সাময়িকীতে। গত বুধবার নিবন্ধটির বরাত দিয়ে রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের হেলথ সায়েন্স সেন্টারের বারশপ ইনস্টিটিউট ফর লংজিভিটি অ্যান্ড এইজিং স্টাডিজের জীববিজ্ঞানী স্টিভেন অসটাড বলেন, ‘খাবারের ওপর নির্ভর করে মানুষ দীর্ঘ জীবন লাভ করে কি না, তা খুঁজে দেখার কোনো পথ আমরা এখনো বের করতে পারিনি।’ কম খাওয়ার সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক নিয়ে গবেষণা চালাতে গিয়ে গবেষকেরা মানুষের জীবনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন বানর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। গবেষণায় দেখা গেছে, নিয়ন্ত্রিত খাবার দেওয়া ৬৪টি বানরের তুলনায় পরিমিত ক্যালোরিসমৃদ্ধ খাবার দেওয়া ৫৭টি বানর সবল হূিপণ্ড ও জোরালো রোগপ্রতিরোধ-ব্যবস্থার অধিকারী। ডায়াবেটিসসহ অন্যান্য রোগের ঝুঁকিও তুলনামূলকভাবে কম এদের। তবে এখানে আয়ু বাড়ার কোনো আভাস মেলেনি। আসটাড বলেন, পরিমিত ক্যালোরিসমৃদ্ধ খাবার গ্রহণকারী প্রাণীগুলো সুস্বাস্থ্যের অধিকারী। এদের কোলেস্টেরলের মাত্রা কম, মাংসপেশি কম ক্ষয় হয় এবং রোগও কম। কিন্তু এর মানে এই নয় যে, দীর্ঘায়ু লাভ করা যায়। ১৯৩৪ সালে ইঁদুরের ওপর এক গবেষণা চালানো হয়। অবাধে খাবার খাওয়া ইঁদুরের তুলনায় গবেষণাধীন ইঁদুরকে ১০ থেকে ৪০ শতাংশ কম ক্যালোরির খাবার দেওয়া হয়। এতে স্বাভাবিক গড় আয়ুর চেয়ে ৩০ শতাংশ বেশি দিন বাঁচতে দেখা গেছে এদের। কিছু ক্ষেত্রে এদের স্বাভাবিক আয়ুর চেয়ে দ্বিগুণ বেশি সময় বাঁচতে দেখা যায়।গবেষণার এসব ফলাফলে মানুষের মনে ধারণা জন্মায়, নিয়ন্ত্রিত ক্যালোরিসমৃদ্ধ খাবারের মাধ্যমে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন লাভ সম্ভব।