কম দামের গাড়ি বেশি দামে কেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণ খাতে ক্রয় নীতিমালা (পাবলিক প্রকিউরমেন্ট রুলস-পিপিআর) লঙ্ঘন করে ২৫০০ সিসির ডাবল কেবিন পিকআপ কেনার কার্যাদেশ দিয়েছিল পুলিশ সদর দপ্তর। সরবরাহকারী প্রতিষ্ঠান এ দামে অর্ধেক গাড়ি সরবরাহ করে। বাকি অর্ধেকের ক্ষেত্রে বলা হয়, একই দামে ২২০০ সিসির গাড়ি নিতে হবে। এখন সেভাবেই ২৫০০ সিসির দামে ২২০০ সিসির গাড়ি কিনছে পুলিশ।দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা জানান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে এসব গাড়ি কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। দুদক এসব অভিযোগ খতিয়ে দেখতে শুরু করেছে।জানতে চাইলে দুদকের চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, গাড়ি কেনার বিষয়ে অনিয়মের অভিযোগ আসায় পুলিশের কাছ থেকে কাগজপত্র চাওয়া হয়েছে। বিষয়টির অনুসন্ধান চলছে।পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার এ অভিযোগ অস্বীকার করে বলেন, মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই এসব যানবাহন কেনা হয়েছে। এতে অনিয়ম হওয়ার কোনো সুযোগ ছিল না।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিভিন্ন থানায় সরবরাহের জন্য ডাবল কেবিন পিকআপ কেনার জন্য মন্ত্রণালয় থেকে প্রথম দফায় ৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরে এ বরাদ্দ আরও বাড়ানো হয়। পুলিশ সদর দপ্তর এসব গাড়ি প্রতিযোগিতামূলক দরে কেনার জন্য দরপত্র না ডেকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে সরবরাহ করার আদেশ দেয়। প্রগতি মাত্র দুটি প্রতিষ্ঠানের দর প্রথম দফা পুলিশ সদর দপ্তরে পাঠায়। ওই দাম অস্বাভাবিক হওয়ায় আবার দর চাওয়া হয়। এরপর প্রগতি কিছু কমিয়ে নতুন দর দেয়। প্রগতি যে দুটি প্রতিষ্ঠানের দর দেয়, তার একটি ছিল জাপানের মিৎসুবিশি করপোরেশন এবং অপরটি যুক্তরাজ্যের ফোর্ড মোটর কোম্পানি। দুটি প্রতিষ্ঠানের দরে সামান্য হেরফের হওয়ায় শেষ পর্যন্ত ফোর্ড ব্রান্ডের গাড়িই নির্ধারণ করে পুলিশ সদর দপ্তর। সেই অনুযায়ী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে গাড়ি সরবরাহের জন্য ক্রয় আদেশ দেয় পুলিশ প্রশাসন। এরপর প্রগতি ঋণপত্র (এলসি) খোলে। ফোর্ড ব্র্যান্ডের এসব গাড়ির উৎপাদনকারী দেশ কানাডা বলে উল্লেখ রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজপত্রে দেখা গেছে, পুলিশের জন্য কেনা ২১৪টি পিকআপই কানাডায় তৈরি। এগুলোর শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা, জানালা, দরজা ও গিয়ারব্যবস্থা স্বয়ংক্রিয় (অটোমেটিক ট্রান্সমিশন)। প্রতিটি গাড়ির শুল্ক বাদে দাম নির্ধারণ করা হয়েছে ১৮ লাখ ১০ হাজার টাকা (২৩ হাজার ৮৫০ ডলার)। গাড়ি বিক্রি থেকে প্রগতি কমিশন পাবে প্রতিটির জন্য ৪০০ ডলার করে। শুল্কসহ প্রতিটি গাড়ির দাম ৪০ লাখ টাকার মতো হতে পারে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা স্বীকার করেছেন, এভাবে গাড়ি কেনার সিদ্ধান্ত গণ খাতে ক্রয় নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী। নীতিমালার ৭৬(ছ) ধারা অনুযায়ী, কেবল সরকারি শিল্প-কারখানায় উৎপাদিত পণ্যই সরকারের নিজস্ব অর্থে সরাসরি ক্রয় করা যাবে। কিন্তু ফোর্ড ব্র্যান্ডের ডাবল কেবিন পিকআপ প্রগতির নিজস্ব কারখানায় উৎপাদিত বা সংযোজনকৃত গাড়ি নয়। কাজেই প্রগতিকে এ গাড়ি সরবরাহের কার্যাদেশ দেওয়া পিপিআরের সুস্পষ্ট লঙ্ঘন বলেই সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।পুলিশের কেনাকাটার দায়িত্বে নিয়োজিত এআইজি (ইএন্ডটি) শফিউল ইসলাম বলেন, ‘দুদক থেকে প্রগতির গাড়ি কেনার প্রক্রিয়া ও দাম জানতে চাওয়া হয়েছে। আমরা তা বলেছি। এতে কোনো দুর্নীতির কথা বলা হয়নি।’পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, এভাবে কার্যাদেশ দেওয়ার পর প্রথম চালানের ১০৫টি গাড়ি থাইল্যান্ডের একটি কোম্পানির মাধ্যমে গত জানুয়ারি মাসে ফোর্ড সরবরাহ করে। এরপর প্রগতির পক্ষ থেকে বলা হয়, সরবরাহকারী প্রতিষ্ঠান বাকি ১০৯টি গাড়ি আর সরবরাহ করতে পারবে না। কারণ হিসেবে বলা হয়, থাইল্যান্ডে বন্যার কারণে গাড়ি সরবরাহ করতে তারা অপারগতা প্রকাশ করে। এরপর তারা প্রস্তাব করে, একই দামে ২২০০ সিসির গাড়ি তাদের কাছে মজুদ আছে। ২৫০০ সিসির বদলে তারা ২২০০ সিসির গাড়ি সরবরাহ করতে পারবে। সূত্র জানায়, এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আট সদস্যের একটি প্রতিনিধিদল থাইল্যান্ড সফর করে। সেই দল ফিরে এসে কম সিসির গাড়ি সরবরাহ করার পক্ষে মতামত দেয়। এরপর ২৫০০ সিসির বদলে ২২০০ সিসি গাড়ি কেনার সিদ্ধান্ত হয়। গত মাসে বাকি ১০৯টি গাড়ি চট্টগ্রামে আসে। এগুলো এখন ছাড় করানোর অপেক্ষায় বন্দরে রয়েছে।এভাবে বেশি দামে কম সিসির গাড়ি কেনার ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন বলেন, সিসি কম হলেও এসব গাড়ি ভালো মানের। জাহাজীকরণের আগে তাঁরা এটা যাচাই করেছেন। এর ধারণক্ষমতাও বেশি। সে কারণে একই দামে কেনা হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন। জানা গেছে, বাংলাদেশ পুলিশ এই প্রথম ফোর্ড ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করবে। যদিও এখানে ফোর্ডের কোনো মেরামত কারখানা নেই। তা ছাড়া প্রতিযোগিতামূলক দর চাওয়া হলে আরও কম দামে আরও ভালো ব্র্যান্ডের গাড়ি কেনা যেত বলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।