কমছে না কিশোরী মাতৃত্বের হার
দেশে কিশোরী মাতৃত্বের হার ৩৩ শতাংশ। দুই দশক ধরেই এই হার অপরিবর্তিত রয়েছে। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুযায়ী মাতৃমৃত্যু কমানোর লক্ষ্য অর্জনে এটি একটি বড় চ্যালেঞ্জ। তবে কিশোরী মাতৃত্ব কমানোর বিষয়ে সরকারের কার্যক্রম খুবই কম। ১৯৯৩-৯৪ সময়ের বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ অনুযায়ী, কিশোরী মাতৃত্বের হার ছিল ৩৩ শতাংশ। ১৯৯৯-২০০০ অর্থবছরে হয়েছে ৩৫ শতাংশ এবং ১৯৯৬-৯৭ সময়ে ৩৬ শতাংশ। ২০০৪ এবং ২০০৭ সালের সর্বশেষ জরিপে এটি আবার ৩৩ শতাংশ হয়েছে। এ ছাড়া ২০০১ সালের সর্বশেষ বাংলাদেশ মাতৃস্বাস্থ্যসেবা ও মাতৃমৃত্যু জরিপে এটিকে ৩৪ শতাংশ উল্লেখ করা হয়েছে। দেশে ১৫ থেকে ১৯ বছরের কিশোরীদের মধ্যে প্রজনন হার প্রতি এক হাজারে ১৩৫ জন, যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ বলেন, কিশোরীদের স্বাস্থ্যসেবার হাল খুবই নাজুক। কিশোরী মায়েদের জন্যও তেমন কোনো কর্মসূচি নেই। অথচ কিশোরীদের মধ্যে প্রসূতিমৃত্যুর হার জাতীয় প্রসূতি মৃত্যুর চেয়ে কয়েক গুণ বেশি। তাই একবার মা হওয়া কিশোরীরা দ্বিতীয়বার যাতে সন্তান দেরিতে নেয়, সে জন্য আলাদা কর্মসূচি থাকা জরুরি। তবে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক বলেন, সরকারের নিরাপদ মাতৃত্ব কর্মসূচিতে কিশোরীসহ সব মাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বাল্যবিবাহ না করা, ২০ বছরের আগে সন্তান না নেওয়া, কিশোরী মায়েদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে ক্যাম্পেইন করা হচ্ছে। আর দেশের বাস্তবতায় শুধু কিশোরী মায়েদের জন্য আলাদা কর্মসূচি চালানো সম্ভব হচ্ছে না। বাল্যবিবাহ:্রঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূরুন নবী প্রথম আলোকে বলেন, দেশে মেয়েদের গড় বিয়ের বয়স হচ্ছে ১৫ দশমিক ৩ বছর। তারপর এক বছরের মধ্যে পেটে সন্তান না এলে কানাঘুষা শুরু হয় ও আরও কিছুদিন পার হলে স্বামীকে আবার বিয়ে করানোর প্রসঙ্গ আসে। ফলে সেই কিশোরী বধূটিকে নারীত্ব জাহিরের জন্য সন্তান জন্ম দিতে হয়। সে সন্তান নেবে না, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা বয়স কোনোটাই তাঁর থাকে না।বেসরকারি সংগঠন উইমেন ফর উইমেনের ১৯৯৫ সালে প্রকাশিত ‘নারী ও উন্নয়ন প্রাসঙ্গিক পরিসংখ্যান’ শীর্ষক বইতে উল্লেখ ছিল ১৫ থেকে ১৯ বছরের মধ্যে মেয়েরা বিয়ে করে বেশি। বর্তমান সরকারি হিসাবে, দুই-তৃতীয়াংশ কিশোরীই (১০ থেকে ১৯) বাল্যবিবাহের শিকার। ১৮ বছর বয়সের আগে ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে এবং দুই দশক ধরে এ হার প্রায় অপরিবর্তিত অবস্থায় আছে। ১৯৯৩-৯৪ সালে এ হার ছিল ৭৩ শতাংশ।দেশীয় আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ হলেও তা কার্যকর না। সম্প্রতি আইনমন্ত্রী শফিক আহমেদ এক সেমিনারে জানিয়েছেন, সরকার বাল্যবিবাহের জন্য প্রচলিত আইনটিকে শাস্তির পরিমাণ বাড়ানোসহ আরও কঠোর করবে।অধ্যাপক এ কে এম নূরুন নবীর মতে, সরকার উপবৃত্তি দেওয়ার পরও সাংস্কৃতিক বা সামাজিক কারণে মেয়েদের বিয়ের বয়স বাড়াতে পারছে না। বিয়ের পর সন্তান নেওয়ার জন্য অন্তত পাঁচ বছর যাতে সময় পায় সে ধরনের ব্যবস্থা জোরদার করতে হবে। বিশ্ব জনসংখ্যা দিবস ২০০৯ উপলক্ষে সরকার প্রকাশিত লিফলেট অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে মাত্র ৩৮ ভাগ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করছে।কিশোরী মাতৃত্বের ঝুঁকি: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন ২০০৯ অনুযায়ী, ১৯ বছর বয়স হওয়ার আগেই ৫৭ শতাংশ কিশোরী মা হচ্ছে, যাদের অর্ধেকই তীব্র অপুষ্টির শিকার। বারবার সন্তান ধারণের ফলে এই কিশোরী মায়ের পুষ্টি অবস্থার আরও অবনতি ঘটে। ইউনিসেফের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের বিশেষজ্ঞ ডা. মনিরা পারভীন বলেন, কিশোরী মা ও তার সন্তানের মৃত্যুঝুঁকি থাকে অনেক বেশি। সন্তান নেওয়ার জন্য কিশোরীর শরীর ও মন প্রস্তুত থাকে না। ফলে প্রসবের সময় হয় মা মারা যান, নয়তো বিলম্বিত প্রসব, ফিস্টুলা, বন্ধ্যাত্বসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিলতায় ভোগেন। শিশুটি প্রতিবন্ধী হয়ে জন্মানোর আশঙ্কা বেড়ে যায়।পড়াশোনা না জানা শান্তার বয়স এখনো ১৮ বছর হয়নি। নারায়ণগঞ্জের চাষাঢ়ার এ কিশোরীর প্রতিবন্ধী সন্তানের বয়স বর্তমানে সাড়ে তিন বছর। বিয়ে ও সন্তান নেওয়া প্রসঙ্গে এ কিশোরীর সোজাসাপ্টা জবাব, ‘কম বয়সে বিয়া করলে ও সন্তান নিলে সমস্যা হয়, তা আগে জানতাম না।’লিকলিকে শরীরের শান্তা জানাল, তাঁর বিয়ে হয় ১৪ বছর বয়সে। তিনি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেননি। এখনো করছেন না। সন্তানকে চিকিৎসক দেখাতে মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে আসা এ কিশোরী জানালেন, যৌতুকের জন্য মারধর এবং প্রতিবন্ধী সন্তানের জন্ম দেওয়ায় স্বামী আবার বিয়ে করবে বলে ভয় দেখাচ্ছে।গ্রাম ও শহরভেদে পার্থক্য: জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বিশ্ব শিশু পরিস্থিতি ২০০৯-এর তথ্য মতে, বাংলাদেশে বাল্যবিবাহের হার ৬৪, নগরে এ সংখ্যা ৫৮ এবং গ্রামে ৬৯। বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ ২০০৭ অনুযায়ী, ১৫ বছরে প্রথম সন্তানের মা হন ১২ শতাংশ কিশোরী। আর ১৯ বছরের মধ্যে এটা হয় ৫৯ শতাংশ। শহরের নারীরা গ্রামের নারীদের চেয়ে এক বছর পরে সন্তান ধারণ করেন। মাধ্যমিক পাস বা ততোধিক শিক্ষা নেওয়া নারীরা ২১.২ বছর বয়সে প্রথম সন্তান জন্ম দিলেও পড়ালেখা না জানা নারীরা ১৭.৪ বছর বয়সে সন্তান জন্ম দিচ্ছেন। স্বাস্থ্যবিষয়ক সর্বশেষ বাংলাদেশ শহর এলাকার স্বাস্থ্য জরিপ ২০০৬ অনুযায়ী, বস্তি এলাকায় তিনজনের মধ্যে দুজন নারী বা ৬৪ শতাংশ নারী ২০ বছর বয়সের আগেই মা হয়েছেন। বস্তিতে দুই সন্তানের মধ্যে বিরতি দেওয়ার সংখ্যাও অনেক কম। ফলে সন্তানসংখ্যা দ্রুত বাড়তে থাকে।সরকারি কার্যক্রম: মহিলা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইউনিসেফ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দাতাগোষ্ঠীর মাধ্যমে ‘কিশোরী অভিযান’ প্রকল্পই কিশোরীদের নিয়ে বড় প্রকল্প। ব্র্যাকসহ বিভিন্ন এনজিওর মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পটি দেশের ২৯টি জেলায় প্রায় তিন হাজার কিশোরী ক্লাব পরিচালনা করছে।সরকারিভাবেও কিশোরী মায়ের দিকে বেশি নজর দেওয়ার জন্য মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেওয়া আছে। তবে সরকারের স্বাস্থ্যসেবায় অবিবাহিত কিশোরীরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। পাঠ্যপুস্তকে প্রজননস্বাস্থ্য অন্তর্ভুক্ত করা হলেও তা পর্যাপ্ত নয় এবং শিক্ষকেরা তা পড়ান না।স্বাস্থ্য অধিদপ্তরের প্রজননস্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম ব্যবস্থাপক ডা. কাজী হাবিবুর রহমান বলেন, সরকার ২০০৫ সালে বাল্যবিবাহ ও গর্ভধারণের হার কমানোসহ মোট ছয়টি উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ কৈশোর প্রজননস্বাস্থ্য কৌশল ও কর্মপরিকল্পনা তৈরি করেছে।