কমছে ভোজ্য তেল-সারের দাম, বাড়ছে গাড়ি-এয়ারকন্ডিশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকারের চতুর্থ বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থনীতির কঠিন একসময়ে আজ বৃহস্পতিবার বেলা তিনটা ২৮ মিনিটে অর্থমন্ত্রী ২০১২-১৩ অর্থবছরের বাজেট ঘোষণা শুরু করেন।২০১২-১৩ অর্থবছরের এই বাজেটে মোট ব্যয়ের পরিমাণ এক লাখ ৯১ হাজার ৭৩৮কোটি টাকা ধরা হয়েছে। এর মধ্যে ঘাটতি ধরা হয়েছে ৫২ হাজার ৬৮ কোটি টাকা; যা জিডিপির ৫ শতাংশ। এ ছাড়া এই অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং মধ্যমেয়াদে তা ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।এর আগে দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়।প্রস্তাবিত বাজেট ঘোষণার পরে দাম বাড়তে পারে সিগারেট, গাড়ি, এয়ারকন্ডিশনারসহ বিভিন্ন দ্রব্যাদির। আর দাম কমতে পারে ভোজ্য তেল, মোটরসাইকেল, সার ও কৃষি উপকরণসহ প্রভৃতির।দাম বাড়তে পারেসিগারেট: বাজেটে সিগারেটের বর্তমান মূল্যস্তর ১০ শতাংশ বাড়ানো এবং বিদ্যমান সম্পূরক শুল্ক হার যথাক্রমে ৩৬, ৫৫, ৫৮ ও ৬০ থেকে বাড়িয়ে ৩৯, ৫৬, ৫৯ ও ৬১ শতাংশে ধার্য করার প্রস্তাব থাকায় এবং সিগারেট পেপার আমদানিতে সম্পূরক শুল্ক ৬০ থেকে বাড়িয়ে ১০০ শতাংশে আরোপের প্রস্তাব করায় এই পণ্যের দাম বাড়বে।গাড়ি: বাজেট প্রস্তাবে শুল্ক হার পুনর্বিন্যাসের ফলে এ হাজার সিসি পর্যন্ত গাড়ি আমদানিতে অতিরিক্ত ১৫ শতাংশ ও ১৮০১ থেকে ২০০০ সিসি পর্যন্ত গাড়িতে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এর প্রভাব পড়বে সাধারণ ক্রেতাদের ওপর। অর্থাত্ অপেক্ষাকৃত কম ও বেশি দামি গাড়ির দাম বাড়বে।এয়ারকন্ডিশনার: বাজেটে এয়ারকন্ডিশনার আমদানির ক্ষেত্রে শুল্ক ও মূল্য সংযোজন করসহ (মূসক) মোট কর ১৫২ শতাংশ থেকে বাড়িয়ে ২১৩ শতাংশে আরোপ এবং এর যন্ত্রাংশ আমদানিতেও সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব থাকায় বিদেশি এই পণ্যের দাম বাড়তে পারে। বৈদ্যুতিক পাখা: আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব থাকায় টেবিল, ফ্লোর, ওয়াল, উইন্ডো ফ্যান বা পাখা ও পাখার যন্ত্রাংশের দাম বাড়বে।বিভিন্ন ফল: বাজেটে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব থাকায় আম, কমলা এবং তাজা ও শুকনো কমলাজাতীয় ফলসমূহ, তাজা ও শুকনো আঙ্গুর, তরমুজ, আপেল, নাশপাতি, চেরি ও সুপারিসহ বিভিন্ন ফলে দাম বাড়তে পারে। বিদেশি সিরামিক পণ্য: বাজেটে টাইলস ও তৈজসপত্র জাতীয় পণ্য আমদানির ক্ষেত্র শুল্ক ও মূসকসহ মোট কর ১২৮ শতাংশ থেকে বাড়িয়ে ১৫২ শতাংশে উন্নীত করার প্রস্তাব দেওয়ায় এগুলোর দাম বাড়বে।আমদানি করা পানি: বাজেটে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব থাকায় বিদেশি খনিজ ও কৃত্রিম খনিজ পানির দাম বাড়তে পারে।এছাড়াও বাজেটে আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব থাকায় বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে—সিমেন্ট ক্লিংকার; সার্জিক্যাল ও অন্যান্য গ্লোভস, মিটেনস ও মিটস; পেপার ও পেপার বোর্ড; কৃত্রিম ফিলামেন্ট টো; বিভিন্ন ধরনের ফ্ল্যাট রোলড প্রডাক্টস; স্টোভ, গ্র্যাট ও কুকারের যন্ত্রাংশ; অ্যালুমিনিয়াম ফয়েল ইত্যাদি।দাম কমতে পারেভোজ্যতেল: বাজেটে অপরিশোধিত ও পরিশোধিত সয়াবিন, পাম তেল ও পাম অলিন আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ১৫ শতাংশের পরিবর্তে শর্তসাপেক্ষে ১০ শতাংশ রেয়াতি হারে (৫ শতাংশ কম) নির্ধারণ এবং চালের কুঁড়ার তেলে মূসক অব্যাহতি প্রদানের প্রস্তাব করায় পণ্যগুলোর দাম কমবে। এছাড়া অপরিশোধিত সানফ্লাওয়ার বা সূর্যমুখী তেল আমদানিতে শুল্ক ও মূসকসহ মোট কর ৩৮ শতাংশ থেকে কমিয়ে ১৬ শতাংশ করার প্রস্তাব করায় এটিরও দামও কমবে।মোটর সাইকেল: মোটর সাইকেল আমদানির ওপর ইতিপূর্বে আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় এই বাহনটির দাম কমতে পারে।বিদেশি রেফ্রিজারেটর: বিদেশ থেকে রেফ্রিজারেটর আমদানির ওপর থেকে অতিরিক্ত ২০ শতাংশ রেগুলেটরি ডিউটি বা নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করায় পণ্যটির দাম কমতে পারে।ওষুধ: বাজেটে ওষুধ শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ও মূসকসহ মোট কর ১৫২ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে এবং ওষুধ শিল্পের প্রয়োজনীয় ৪৬টি উপকরণ আমদানিতেও শুল্ক ও মূসকসহ মোট কর কমানোর প্রস্তাব করায় ওষুধের দাম কমার সম্ভাবনা আছে।বিস্কুট-চানাচুর-লজেন্স: বর্তমানে বিস্কুট, চানাচুর, লজেন্স, ফলের জ্যাম ও জেলি উত্পাদন পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাব করায় এসব পণ্যের দাম কমবে।সাবান: বাজেটে লন্ড্রি সাবানের উত্পাদন পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের প্রস্তাব থাকায় এটির দাম কমতে পারে। একই সুবিধা দেওয়া হয়েছে পিভিসি পাইপ ও বিউটি পার্লারের সেবায়।জুতা ও স্যান্ডেল: জুতা ও স্যান্ডেলের ওপর উত্পাদন পর্যায়ের বর্তমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার এবং ১০০ টাকা দামের প্লাস্টিক ও রাবারের তৈরি পাদুকা ও হাওয়াই চপ্পলের উত্পাদন পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব করায় পণ্যগুলোর দাম কমতে পারে। মা ও শিশুর পরিপূরক খাদ্য: বাজেটে মা ও শিশুর জন্য পরিপূরক খাদ্য আমদানির ওপর সম্পূরক শুল্ক ৯০ শতাংশ থেকে কমিয়ে ৫৯ শতাংশে প্রস্তাব করার এর দাম কমতে পারে।তথ্যপ্রযুক্তি: বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের মাল্টি মিডিয়া প্রজেক্টর এবং ফ্ল্যাশ ড্রাইভ, ফ্ল্যাশ কার্ড ও এসডি কার্ড আমদানির ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ মোট কর ৫৯ শতাংশ থেকে যথাক্রমে ২৯ ও ৩ শতাংশে আরোপের প্রস্তাব করায় এগুলোর দাম কমবে। একইভাবে সার্ভার র্যাকের ক্ষেত্রে শুল্ক ও মূসকসহ মোট কর ১০৫ শতাংশ থেকে কমিয়ে ৫৯ শতাংশে প্রস্তাব দেওয়ায় এটির দামও কমবে।স্থানীয় সিরামিক পণ্য: স্থানীয়ভাবে উত্পাদিত সিরামিকের বাথট্যাব, বেসিন ও কমোড প্রভৃতি পণ্যের ওপর বিদ্যমান ১৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করায় এগুলোর দাম কমবে।বিদেশি সিনেমা: বিদ্যমান ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করায় আমদানি করা সিনেমার দাম কমতে পারে।বাজেটে আমদানি পর্যায়ে শুল্ক ও মূল্য সংযোজন কর কমানোর প্রস্তাবের ফলে বোন অ্যাশ, ফ্লাই অ্যাশ, সেলেনিয়াম, সিলিকা জেল, রেড লেড অক্সাইড, কপার অক্সাইড ও হাইড্রো অক্সাইড, সোডিয়াম সিলিকন ফ্লোরাইড, ডিসোডিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, সাইক্লোপেনট্যান, বিভিন্ন ধরনের প্লেট, শিট, ফিল্ম ও ফয়েল, পলিমারের স্ট্রিপ, পার্টিকল বোর্ড, বিভিন্ন ধরনের ফ্ল্যাট রোলড পণ্য, টিউব, পাইপ ও হলো প্রোপাইল, স্টার্টার মোটরস, বিভিন্ন ধরনের প্রজেক্টর, বিভিন্ন ধরনের অটোমেটিক সার্কিট ব্রেকার, ইনসুলিন পেন, স্পিড ইনডিকেটরস ও ট্যাকোমিটারস, এলইডি টিউব লাইট ইত্যাদির দাম কমতে পারে।