কমনওয়েলথ গেমসের অনিয়ম তদন্তের নির্দেশ দিলেন মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসকে যখন ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি বিশ্বের সামনে তুলে ধরার এক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে, ঠিক তখনই এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নানা রকম দুর্নীতি আর অনিয়মের ভারে রীতিমতো নুয়ে পড়েছে।দিল্লি কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির প্রধান সুরেশ কালমাদির বিরুদ্ধে উঠেছে দুর্নীতির নানা অভিযোগ। ২০০৫ সালে কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটি গঠনের পর থেকে এ পাঁচ বছরে এই গেমসের প্রস্তুতি বাজেট বৃদ্ধি করা হয়েছে সাড়ে ১৭ গুণ। গেমস শুরু হতে মাত্র দুই মাস বাকি থাকার পরেও এখনো কয়েকটি ভেন্যুর নির্মাণকাজ শেষ না হওয়ায় গেমস আয়োজন নিয়েই সংশয়ে রয়েছে ভারত। আয়োজক কমিটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় কমনওয়েলথের প্রধান ইংল্যান্ডের রানি এলিজাবেথও সম্প্রতি কমনওয়েলথ গেমসের সুষ্ঠু আয়োজন নিয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন।কমনওয়েলথ গেমসের প্রস্তুতিতে দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মুখে নড়েচড়ে বসেছে দেশটির কেন্দ্রীয় সরকার। গতকাল শনিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের কেন্দ্রীয় দুর্নীতিবিরোধী সংস্থার মাধ্যমে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় দুর্নীতিবিরোধী সংস্থা কমনওয়েলথ গেমসের প্রস্তুতিকালে মোট ১৬টি প্রকল্পের আর্থিক লেনদেন ও এগুলোতে কী ধরনের দুর্নীতি হয়েছে তার তদন্ত করবে।গতকাল শনিবার মনমোহন সিং কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানে আয়োজক কমিটির বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয় বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারিকৃত এক তথ্যবিবরণীতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী মনমোহন সিং কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির সঙ্গে আলোচনা শেষে এ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিতে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।’এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, কমনওয়েলথ গেমসের বিভিন্ন ভেন্যু তৈরি করার সময় আয়োজক কমিটির বিভিন্ন প্রভাবশালী সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের দুর্নীতর অভিযোগ উঠেছে। এগুলোর মধ্যে ভেন্যু তৈরিতে অযোগ্য নির্মাতাদের নিয়োগদান, বিভিন্ন দামি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম রয়েছে। রয়টার্স।