কমনওয়েলথ সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার পার্থ শহরে আজ শুক্রবার সকালে কমনওয়েলথ সরকার ও রাষ্ট্রপ্রধানদের ২১তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলন যোগ দিয়েছেন।সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোতে মানবাধিকার ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতির বিষয় আলোচিত হবে। খবর বাসসের।কঠোর নিরাপত্তার মধ্যে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ পার্থ কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে ৫৪ জাতির এ সম্মেলন উদ্বোধন করেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। প্রাসঙ্গিকতা হারাচ্ছে কমনওয়েলথবার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কমনওয়েলথ নামের সংগঠনটি প্রাসঙ্গিকতা হারাচ্ছে বলে এক গোপন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্রেক্ষাপটে এবারের সম্মেলনে প্রাসঙ্গিকতার বিষয়টি বেশ গুরুত্ব পাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ইতিমধ্যে তাঁর উদ্বোধনী ভাষণে এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘বিশ্ব বদলাচ্ছে, সুতরাং এর সঙ্গে তাল মিলিয়ে প্রাতিষ্ঠানিক কাজের পরিবর্তন আনাও বুদ্ধিমানের কাজ।’ এদিকে এ সম্মেলনের পার্শ্ববর্তী স্থানে প্রায় দেড় হাজার পুঁজিবাদবিরোধী কর্মী জড়ো হয়েছে। সম্ভাব্য হামলা ও বিক্ষোভ মোকাবিলায় নগরের বিভিন্ন সড়কে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।