কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠানে হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১তম কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এবারের বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘স্থিতিশীল বিশ্ব গঠনে স্থিতিশীল দেশ’। আজ শুক্রবার সকালে এ বৈঠক শুরু হয়েছে।জলবায়ু পরিবর্তন, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও খাদ্য নিরাপত্তার নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কমনওয়েলথকে নতুন করে উজ্জীবিত করার আহ্বানের মধ্য দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ তিন দিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করেন। অস্ট্রেলিয়ার আদিবাসীদের ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হওয়া বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও কানাডার প্রধানমন্ত্রী উইলিয়াম হার্পার উপস্থিত ছিলেন। বৈঠকের প্রতিপাদ্য বিষয়ে দেশগুলোর একক রাষ্ট্র হিসেবে, কমনওয়েলথ সদস্য হিসেবে ও বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসেবে বিভিন্ন পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মা, কমনওয়েলথের বিদায়ী চেয়ারপারসন ও ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, কমনওয়েলথ সরকারপ্রধানদের এ বৈঠক বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা জোরদার, জনগণের মধ্যে সম্পর্ক স্থাপন এবং পারস্পরিক মূল্যবোধ বিনিময়ের এক অপূর্ব সুযোগ এনে দিয়েছে। শেখ হাসিনা বৈঠকে যোগদানের পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং পরে কমনওয়েলথ মহাসচিব কমলেশ শর্মার দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন।অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেভিন রাডও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। বাসস।