নিরাপদ বিনিয়োগ নিরুৎসাহিত করতে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। অন্যদিকে, কয়েকটি ক্ষেত্র ছাড়া সব ধরনের সঞ্চয়পত্রের ওপর উৎসে কর কাটা নিয়ে নতুন জটিলতা দেখা দিয়েছে। গতকাল রোববার থেকে যাঁরা এর আগে কেনা সঞ্চয়পত্র ভাঙাতে গেছেন, তাঁদের কাছ থেকে মুনাফা বা সুদের আয়ের ওপর ১০ শতাংশ হারে আয়কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। এ নিয়ে বিশেষত ব্যাংকার ও গ্রাহকদের মধ্যে ভুল বোঝাবুঝিও হচ্ছে।উল্লেখ্য, নতুন বাজেটে সঞ্চয়পত্রের মুনাফা বা সুদের আয়কে আয়করের আওতায় আনা হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপনে ‘এ বিধান ১ জুলাই ২০১০ বা তার পরবর্তীতে সুদ বা মুনাফা প্রদানের বেলায় কার্যকর হবে’ উল্লেখ রয়েছে। সূত্রগুলো বলছে, এর ফলে কোনো গ্রাহকের সঞ্চয়পত্রের মেয়াদ এর আগে উত্তীর্ণ হয়ে গেলেও তিনি যদি তা ৩০ জুন পর্যন্ত না ভাঙিয়ে থাকেন, তবে তার ওপরও এই বিধান কার্যকর হচ্ছে।আবার সঞ্চয়পত্র বছরভিত্তিতে ভাঙানোর ওপর বিভিন্ন হারে মুনাফা ঘোষণা করা আছে। কিন্তু এই বিধান অনুসারে পাঁচ বছর মেয়াদের সঞ্চয়পত্রে চার বছর পর্যন্ত পার হলেও সব আয়ের ওপরই উৎসে কর দিতে হবে। এসব ক্ষেত্রে নানা ধরনের প্রশ্নও দেখা দিয়েছে। যেমন—তিন মাস অন্তর মুনাফা তুলে নেওয়ার বিধান সঞ্চয়পত্রে রয়েছে। ফলে যাঁরা আগেভাগে এই মুনাফা তুলে নিয়ে গেছেন, তাঁদের ক্ষেত্রে উৎসে কর কাটা না হলেও যাঁরা একত্রে মুনাফা ও আসল টাকা তুলছেন, তাঁদের ক্ষেত্রে এ বিধান কার্যকর হচ্ছে, যা বৈষম্যমূলক বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় শাখা থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে সরকারের সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ১ জুলাই থেকে কমানো হয়েছে। পাশাপাশি বিনিয়োগসীমাও কমানো হয়েছে। এখন থেকে এক নামে ৩০ লাখ ও যুগ্মনামে সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে, আগে যা ছিল ৫০ লাখ ও এক কোটি টাকা। এ ছাড়া সঞ্চয়পত্র কিনতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।আবার পাঁচ ও তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে মেয়াদপূর্তিতে আগে তা না ভাঙিয়ে নিলে স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিনিয়োগ হয়ে যেত। এখন এই সুবিধাও তুলে নেওয়া হয়েছে। নতুন মুনাফার হার: নতুন করে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ সাড়ে ১০ শতাংশ। এর আগ পর্যন্ত এই সঞ্চয়পত্রের সুদের হার ছিল ১২ শতাংশ। একই সঙ্গে বছরভিত্তিক মুনাফাও কমানো হয়েছে।তিন বছর মেয়াদি (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সঞ্চয়পত্রের সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ। আগে ছিল সর্বোচ্চ সাড়ে ১১ শতাংশ। বছরভিত্তিক মুনাফাও কমানো হয়েছে।পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্রের (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সুদের হার কমিয়ে করা হয়েছে সর্বোচ্চ ১১ শতাংশ, আগে যা ছিল সর্বোচ্চ সাড়ে ১২ শতাংশ। এ ক্ষেত্রেও বছরভিত্তিক মুনাফা কমানো হয়েছে।একই সঙ্গে একই হারে কমানো হয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের আমানত এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার।সরকারিভাবে বলা হচ্ছে, অভ্যন্তরীণ ঋণের সুদের ব্যয় বেড়ে যাওয়ায় জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে। প্রতিটির ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে ১ দশমিক ৫০ পয়েন্ট। এর আগে সর্বশেষ ২০০৫ সালের ডিসেম্বরে সঞ্চয়পত্রের সুদের হার পরিবর্তন করা হয়েছিল।বছরভিত্তিক মুনাফাতে পরিবর্তন: যেকোনো সঞ্চয়পত্র মেয়াদপূর্তির আগেও ভাঙানো যায়। তিন মাস অন্তর মুনাফার ক্ষেত্রে মুনাফা তুলে নিলে মেয়াদ শেষে আসল টাকা ফেরত পাওয়া যায়। এ বিবেচনায় তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রের (তিন মাস অন্তর মুনাফাভিত্তিক) সুদের হার ছিল প্রথম বছর শেষে সাড়ে ৮ শতাংশ, দ্বিতীয় বছর শেষে সাড়ে ৯ শতাংশ এবং তৃতীয় অর্থাৎ মেয়াদ শেষে সাড়ে ১১ শতাংশ। এটি কমিয়ে করা হয়েছে যথাক্রমে ৮, ৯ ও ১০ শতাংশ। তিন মাস অন্তর মুনাফা নিলে প্রতি এক লাখ টাকায় পাওয়া যেত দুই হাজার ৮৭৫ টাকা। নতুন সুদের হারে পাওয়া যাবে (কর কর্তনের পর) দুই হাজার ৫০০ টাকা।পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার ছিল প্রথম বছর শেষে ৮ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৯, তৃতীয় বছর শেষে ১০, চতুর্থ বছর শেষে ১১ এবং পঞ্চম বছর শেষে ১২ শতাংশ। এটি কমিয়ে করা হয়েছে যথাক্রমে সাড়ে ৭, ৮ দশমিক ২৫, ৯, ৯ দশমিক ৭৫ এবং সাড়ে ১০ শতাংশ।পেনশনার সঞ্চয়পত্রের সুদের হার ছিল প্রথম বছর শেষে সাড়ে ৮ শতাংশ, দ্বিতীয় বছর শেষে সাড়ে ৯, তৃতীয় বছর শেষে সাড়ে ১০, চতুর্থ বছর শেষে সাড়ে ১১ এবং পঞ্চম বছর অর্থাৎ মেয়াদ শেষে সাড়ে ১২ শতাংশ। এই সঞ্চয়পত্রের নতুন সুদের হার হবে যথাক্রমে ৮, ৮ দশমিক ৭৫, সাড়ে ৯, ১০ দশমিক ২৫ এবং ১১ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে তিন মাস অন্তর মুনাফা নিলে আগে পাওয়া যেত প্রতি এক লাখ টাকায় তিন হাজার ১২৫ টাকা। এখন থেকে পাওয়া যাবে দুই হাজার ৭৫০ টাকা। তবে মেয়াদ পূর্তির আগে নগদায়ন বা ভাঙিয়ে নিয়ে অতিরিক্ত উত্তোলিত মুনাফা আসল থেকে কাটা হবে। এই সঞ্চয়পত্র অবশ্য আয়করমুক্ত।ডাকঘর সঞ্চয় ব্যাংকে ফিক্সড ডিপোজিট (স্থায়ী আমানত) রাখলে এক, দুই ও তিন বছর মেয়াদ শেষে আমানতের সুদের হার ছিল যথাক্রমে সাড়ে ৯ শতাংশ, সাড়ে ১০ শতাংশ এবং সাড়ে ১১ শতাংশ। এটি কমিয়ে করা হয়েছে যথাক্রমে ৮, ৯ এবং ১০ শতাংশ। অন্যদিকে ছয় মাস পর মুনাফা তোলার ক্ষেত্রেও সুদের হার প্রথম বছরের সাড়ে ৮ শতাংশ থেকে সাড়ে ৭ শতাংশ, দ্বিতীয় বছরে ৯ শতাংশ থেকে ৭ দশমিক ৭৫ শতাংশ এবং তৃতীয় বছরের সাড়ে ৯ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৮ শতাংশ।প্রবাসী বাংলাদেশিদের জন্য তিন বছর মেয়াদি ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের সুদের হার ছিল ১২ শতাংশ। এটি সাড়ে ১০ শতাংশ করা হয়েছে।