কমল হাসানের জন্য নিয়ম বদলাল কান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৫তম কান চলচ্চিত্র উত্সবের আসর বসছে এ বছরের ১৬ মে। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রই কান উত্সবে অংশ নেবে। উত্সবে ছবি জমার নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া ছিল। কিন্তু সময় শেষ হয়ে গেলেও ভারতের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা কমল হাসানের ‘বিশ্বরূপম’ ছবিটি যাতে কান উত্সবে অংশ নিতে পারে শুধু সে জন্যই কর্তৃপক্ষ ছবি জমা দেওয়ার তারিখ পিছিয়ে ১৫ মার্চ করেছে। এদিকে বিশ্বরূপম ছবির কাজ এখনো শেষ হয়নি কমল হাসানের। এ মুহূর্তে ছবির হিন্দি ও তামিল ডাবিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত আছেন তিনি। কমলের উদ্ধৃতি দিয়ে মুম্বাই মিরর জানিয়েছে, ‘নির্ধারিত সময়ের মধ্যে ছবিটির কাজ শেষ করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। কান চলচ্চিত্র উত্সব কর্তৃপক্ষ আন্তরিকভাবে চাইছে যাতে বিশ্বরূপম প্রতিযোগিতায় অংশ নিতে পারে। কানের প্রতিনিধি ক্রিশ্চিয়ান জন সার্বক্ষণিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ছবির কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন।’কমল হাসান আরও বলেছেন, ‘৯ সদস্যের জুরি বোর্ড এই ছবিটি দেখবেন এবং এর ভাগ্য নির্ধারণ করবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা দারুণ একটি ছবি বানিয়েছি। কান চলচ্চিত্র উত্সবে যথাসময়ে যেন ছবিটি নিয়ে হাজির হতে পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।’ স্পাই থ্রিলারধর্মী বিশ্বরূপম ছবিটি নির্মিত হয়েছে হিন্দি ও তামিল ভাষায়। রচনা ও পরিচালনার পাশাপাশি ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। এতে আরও অভিনয় করেছেন বলিউডের অভিনেতা রাহুল বোস, মার্কিন মডেল ও টিভি অনুষ্ঠান সঞ্চালক পূজা কুমার, তামিল প্লেব্যাক শিল্পী ও অভিনেত্রী অ্যান্ড্রু জেরেমিয়া প্রমুখ।