ভ্রাম্যমাণ আদালত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদের একজন প্রার্থী ও তিনজন ইউপি সদস্য পদপ্রার্থীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের এ জরিমানা করা হয়।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, গতকাল রাতে ভ্রাম্যমাণ আদালত সরেজমিন তদন্ত চালান। এ সময় নির্বাচনী প্রচারকাজে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সুলেমান মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রহিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী আবদুল আলী, মুন্সীবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবদুল মন্নাফ ও ইসলামপুর ইউনিয়নের সদস্য পদপ্রার্থী আমীর আলীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, রাত আটটার অনেক পরও মাইকে প্রচার চালানো, মিছিল করা ও প্রচারকাজে একটি মাইকের জায়গায় দুটি ব্যবহারের অভিযোগে তাঁদের জরিমানা করা হয়। ২১ জুন নির্বাচনের দিন পর্যন্ত কমলগঞ্জে এ অভিযান চলবে।