কমলগঞ্জে মহারাসলীলা উত্সব
গত বৃহস্পতিবার কমলগঞ্জের ঐতিহাসিক মাধবপুর জোড়ামণ্ডপে বিষ্ণুপ্রিয়া ও আদমপুর সেনা ঠাকুরের প্রধান মণ্ডপ মুখরিত হয়ে ওঠে মৈথৈ মণিপুরিদের মহারাসলীলা উত্সবে। বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত মণিপুরি ছোট ছেলেমেয়েরা রাখালনৃত্য পরিবেশন করে। সন্ধ্যা থেকে রাধা ও গোপী সেজে শুরু হয় মণিপুরি যুবক-যুবতীদের রাসনৃত্য। সারা রাত চলে এ রাসনৃত্য। মণিপুরি মহারাসলীলা উত্সব উপলক্ষে মণিপুরি ছাড়াও নানা ধর্মবর্ণের লোকের মহোত্সব চলে।মণিপুরি সম্প্রদায়ের মহারাস বলতে প্রেমরসকে বোঝানো হয়। বস্তুত ‘রস’ শব্দ থেকেই ‘রাস’ শব্দটির উত্পত্তি। রস আস্বাদনের জন্য রাধাকৃষ্ণের লীলানুকরণে নৃত্যগীতের মাধ্যমে যে উত্সব উদ্যাপন করা হয়, তাই রাসোত্সব। নৃত্য, সংগীতে মণিপুরিদের প্রাচীন লোকনৃত্য ‘লাই হারাওবা’ থেকেই রাসনৃত্যের সৃষ্টি। প্রায় এক মাস আগে থেকেই চলছিল রাসোত্সবের প্রস্তুতি। মণিপুরি সম্প্রদায়ের বাড়ি বাড়ি কুমারী-কিশোরদের রাসলীলায় অংশগ্রহণ করার জন্য নৃত্য ও সংগীতের তালিম নেওয়ার ধুম পড়ে যায়।