কমলগঞ্জে সংখ্যালঘু পরিবারের ও সরকারের ৯১ শতক ভূমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলগঞ্জে নির্বাহী হাকিমের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এক সংখ্যালঘু পরিবারের ও সরকারের ৯১ শতক ভূমি উদ্ধার করা হয়। ১৬ আগস্ট কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ উচ্ছেদ অভিযান চলে। আলীনগর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের ছাতির মিয়া ১৮ বছর ধরে শ্যামা দত্তের বসতভিটে ও শশ্মানভূমিসহ শ্যামা দত্তের নামে বন্দোবস্ত করা সরকারি অর্পিত ভূমির মোট ৯১ শতক জমি জবর দখলে রেখেছিলেন। শ্যামা দত্তের ছেলে সুমন দত্ত দখল করা জমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলেন। ১৬ আগস্ট নির্বাহী হাকিম তৌহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা ভূমি অফিসের কানুনগো আবুল কাসেম ও তহশিলদার স্বরদ্বিন্দু দত্তের সহযোগিতায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযান শেষে উদ্ধার করা ৯১ শতক ভূমি সুমন দত্তকে বুঝিয়ে দেওয়া হয়। সুমন দত্ত জানান, উদ্ধার করা জমির কিছু অংশ অর্পিত হলেও তাঁদের নামে বন্দোবস্ত রয়েছে।