কমলগঞ্জের নন্দরাণী চা বাগানে সংঘর্ষে নিহত ২
কমলগঞ্জে চা বাগানের দখল নিয়ে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এর মধ্যে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আফাই মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে। তাঁর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আজ শুক্রবার স্থানীয় নন্দরাণী চা বাগানে এ ঘটনা ঘটে। জানা গেছে, নন্দরাণী চা বাগানে শ্রমিক সংখ্যা এখন ৩০০। এর মালিক নির্মল চৌধুরীর স্ত্রী শুক্লা চৌধুরী ১৯৯৯ সালে শাহাদত রহিম চৌধুরীর সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের নামে বাগানটি বন্দোবস্ত দিয়েছিলেন। পরবর্তীতে শুক্লা চৌধুরীর মৃত্যুর পর ২০১১ সালের অক্টোবরে তাঁর মেয়ে সুব্রতা আহমেদ চৌধুরী বাগানটির মালিকানা দাবি করেন। কিন্তু দখল পাননি তিনি। আজ বাগানটির দখল নিতে গেলে দুই পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বাইরে থেকে অন্তত ৮০০ জন মানুষ বাগানে ঢুকে পড়েন এবং ভেতরে থাকা ৩০০ শ্রমিকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিহত দুই জনের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।