কমলগঞ্জের ব্যস্ত সড়কে চলছে পাওয়ার টিলার ও ইট ভাঙার গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলগঞ্জ উপজেলার ব্যস্ত সড়কগুলোয় বেপরোয়াভাবে মালামাল পরিবহনকারী অবৈধ পাওয়ারটিলার ও ইট ভাঙার গাড়ি চলাচলের কারণে জনজীবন হুমকির মুখে পড়েছে। ব্যস্ত সড়কগুলোয় চলাচলে এসব যানবাহনের কোনো পারমিট না থাকলেও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সামনে প্রকাশ্যে মালামাল পরিবহন করছে এসব গাড়ি। প্রতিদিন কমলগঞ্জ উপজেলা সদর, শমশেরনগর, আদমপুর, পতনউষার, মুন্সীবাজারসহ বিভিন্ন হাট-বাজারে প্রায় দেড় শতাধিক অবৈধ পাওয়ারটিলার ও প্রায় ৩০টি ইট ভাঙার মেশিনযান চলাচল করে। সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের শিক্ষক আবদুল বাছিত, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সালাউদ্দীন তফাদার এবং আইডিয়াল কেজি স্কুলের শিক্ষক সঞ্জয় দাস গুপ্ত জানান, পাওয়ারটিলার ও ইট ভাঙার যান চলাচলে তাঁরা ভীতসন্ত্রস্ত। ব্রাহ্মণবাজার-শমশেরনগর-শ্রীমঙ্গল লাইনের বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, বেপরোয়াভাবে চলাচলের কারণে পাওয়ারটিলারের ধাক্কায় কয়েক বছর আগে শমশেরনগর বিমান বন্দর সড়কে আবদুস শহীদ নামে এক অটোরিকশার যাত্রী মারা গিয়েছিল। এখন কমলগঞ্জে পাওয়ারটিলার ও ইট ভাঙার যানের সংখ্যাও যেভাবে বেড়েছে, তাতে বাসের চালকেরা ভীত। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, পাওয়ারটিলারে মালামাল পরিবহন ও ইট ভাঙার যানের এভাবে বেপরোয়া চলাচল সম্পূর্ণরুপে বেআইনি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী জানান, খুব তাড়াতাড়ি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব যান চলাচল বন্ধ করবেন।