কমলা অঞ্চলে বেল-বাঙ্গির প্রাচুর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরার পেশা কমলা চাষ। বাগানে শখ করে তিনটি বেলগাছ লাগিয়েছিলাম। এবারই প্রথম বেল ধরল। শসা খেতে কিছু বাঙ্গিও রোপণ করায় সেখানেও ভালো ফলন অইছে। অনেকেই শখের বশে বেল ও বাঙ্গি চাষ করেন। হাটের ফল ব্যবসায়ীরা বেল আর বাঙ্গি সিলেটি কইয়া ধুম বিক্রি কররা।’ সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের পাহাড়িবহর গ্রামের চাষি আবদুল হামিদ এভাবেই বলছিলেন বেল ও বাঙ্গি উৎপাদনের কথা। কমলার অঞ্চলে ইদানীং বেল ও বাঙ্গির মতো অপ্রচলিত মৌসুমি ফলের উৎপাদনও হচ্ছে প্রচুর। কৃষকেরা তাতে আশাবাদী। পরিকল্পিতভাবে চাষাবাদ শুরু হলে সিলেটে এসব অপ্রচলিত ফল বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় হয়ে উঠতে পারে বলে মনে করছেন কৃষিবিদেরা।আবদুল হামিদের মতো বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এবার অন্যান্য ফসলের চাষাবাদের পাশাপাশি বেল ও বাঙ্গির উৎপাদনও ভালো হয়েছে। এ জন্য সিলেট নগরে ফলের প্রধান হাট কদমতলীতে ফল ব্যবসায়ীদের আড়তে বেল ও বাঙ্গির আমদানি হয়েছে প্রচুর।সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে এই অঞ্চলের টিলা ও বনাঞ্চলে বছরভর নানা মৌসুমি ফল উৎপন্ন হয়। তবে পরিকল্পিতভাবে শুধু কমলা, লেবু ও কাঁঠাল ছাড়া অন্য কোনো ফলের উৎপন্ন হওয়ার পরিসংখ্যান কৃষি বিভাগে নেই। তবে ফলচাষিরা বিচ্ছিন্নভাবে মৌসুমভিত্তিক বিভিন্ন ধরনের ফলের চাষাবাদ করেন। চাষিদের শখ করে রোপণ করা বেলগাছে যেমন এবার প্রচুর ফলন হয়েছে, তেমনি ইদানীং বাঙ্গির চাষও কিছু বেড়েছে। সে কারণেই ফলের বাজারে এই দুটি ফলের পর্যাপ্ত উপস্থিতি দেখা যাচ্ছে। অধিদপ্তরের উপপরিচালক জয়দেব রায় প্রথম আলোকে বলেন, সিলেটের টিলাশ্রেণীর মাটিতে দুটো ফলেরই সম্ভাবনা রয়েছে এবং এ ক্ষেত্রে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে।ফলের হাটের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মৌসুমের এ সময় তাঁরা সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে বেল ও বাঙ্গি আমদানি করতেন। স্থানীয় উৎপাদন বাড়ায় এবার অন্যান্য বছরের মতো আমদানি করতে হচ্ছে না। কদমতলী ফলের হাটের পাইকারি ব্যবসায়ী পিয়ার হোসেন জানান, এবার বেশির ভাগ এলাকায় কমলাচাষিরা তাঁদের বাগানে বেল ও খেতে বাঙ্গি লাগিয়েছেন। তাঁদের কাছ থেকে বেল ও বাঙ্গি হালিপ্রতি ২৫ থেকে ৩০ টাকায় কিনে হাটে খুচরা দামে প্রতিটি ১০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।বিয়ানীবাজারের জলঢুপ, পাহাড়িবহর, গোলাপগঞ্জের রনিখাই, ভাদেশ্বর গ্রাম ছাড়াও মৌলভীবাজারের জুড়ী এলাকার টিলা-বনাঞ্চলে এসব ফলের চাষ হচ্ছে।সিলেটের উন্নয়ন সংগঠন কৃষক কল্যাণ সংস্থার আহ্বায়ক আবদুল হান্নান আনসারী বলেন, ‘অনেক আগে থেকেই সিলেট অঞ্চলে ফলচাষিরা শখ করে তাঁদের বাগানে একটি-দুটি ফলগাছ রোপণ করতেন। মূলত তা নিজেদের খাওয়ার জন্যই। ইদানীং চাষের পরিমাণ বেড়েছে বলেই বাজারে ফল উঠছে। একইভাবে স্থানীয় বাঙ্গিও বাজারে দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজন-পরামর্শ দেওয়া ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করলে সিলেটের কৃষিতে এসব অপ্রচলিত মৌসুমি ফল সম্ভাবনাময় হয়ে উঠতে পারে।