কমলা দামার ঘরবাড়ি
মেঘে ঢাকা এক দুপুর। গাছের শাখায় বসে গল্প করছে কয়েকটি চড়ুই। গাছপালায় ঘেরা গ্রাম, বিশেষ করে শাল আর কাঁঠালগাছের সমারোহ চারদিকে। গাজীপুরের ছায়াঘেরা সেই বাউপাড়া গ্রামে এক বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছে কমলা রঙের দুটি পাখি। যেমন সুন্দর গায়ের রং, তেমন এক জোড়া মায়াবী চোখ। এমন শান্ত আর মায়াবী চোখের পাখি কমই আছে আমাদের বাংলাদেশে।উঠানের কাঁঠালগাছের তলায় লাফিয়ে লাফিয়ে হাঁটছে আর খড় সংগ্রহ করছে পাখি দুটি। একসঙ্গে অনেক খড় জমা করেছে ঠোঁটে। কিছুক্ষণ পরপর উড়ে গিয়ে বসছে হেলে পড়া এক বাঁশের ওপর। ছোট্ট বাঁশঝাড়টি উঠান থেকে একট দূরে। খড় মুখে নিয়ে তারা বাঁশপাতার আড়ালে ঢুকে পড়ল। বাসা তৈরি করছে তারা। মাটি থেকে আড়াই ফুট উঁচুতে বাসা। বাসাটির বাইরের দিকটা দেখতে তেমন গোছালো নয়, কিন্তু ভেতরটা গোলাকার ও নরম। গোলাকার বাটির মতো দেখতে। সরু ঘাস, শুকনো পাতা, চিকন ও নরম শিকড় দিয়ে বাসাটি বানাচ্ছে ওরা। আরও দু-তিন দিন লাগবে বাসা বানানোর কাজ শেষ করতে।এ পাখির নাম কমলা দামা। কোথাও আবার কমলা বউ নামে পরিচিত। বাঁশবাগান, আমবাগান ও শালবাগানের গাছের তলে গুটি গুটি পায়ে এরা ঘুরে বেড়ায় খাবারের সন্ধানে। মানুষের উপস্থিতি টের পেলে উড়ে গিয়ে বসে পাতার আড়ালে। তারপর একদম চুপচাপ বসে থাকে। কমলা দামা বোকাও কিছুটা। যখন বাসা তৈরির সময় হয়, তখন একসঙ্গে অনেক খড়কুটো জোগাড় করে ওরা। এ জন্য অনেক বেশি পথ হাঁটে। তাই সময়ও লাগে অনেক। এত সময় ধরে ওদের আনাগোনা দুষ্টু ছেলের দল সহজেই দেখে ফেলে এবং বাসা ভেঙে ফেলে।কমলা দামা খুবই নীরব পাখি। অন্য পাখিদের সঙ্গে কখনোই ঝগড়া করে না। শান্তপ্রিয় ও গায়ক পাখি। ইংরেজি নাম Orange-headed Trush। বৈজ্ঞানিক নাম Zoothera citrina। গাঁয়ের ঝোপঝাড়, বনতলের মাটি ও বাড়ির আঙিনায় ঘুরে বেড়ায়। বাঁশবন ওদের সবচেয়ে প্রিয় জায়গা। মধুপুর শালবনে গেলেও ওদের দেখা পাওয়া যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও আছে এদের আনাগোনা।আমাদের দেশে ১৫ প্রজাতির দামা আছে। সেগুলো হলো: কমলা দামা, আঁশটে দামা, ধলাঘার কালিদামা, ধলাপাখ কালিদামা, কালাবুক দামা, কালাপাশ দামা, কালচে দামা, লালগলা দামা, নীল শীষদামা, নীল শীলাদামা, পাতি কালিদামা, টিকেলের দামা, ভ্রুলেখা দামা, খয়রাপিঠ দামা ও লম্বা ঠোঁট দামা। এই ১৫ প্রজাতির মধ্যে কেবল কমলা দামা আমাদের দেশে স্থায়ীভাবে বসবাসকারী দুর্লভ দামা। বাকি ১৪ প্রজাতি মাঝে মাঝে আমাদের দেশে দেখা যায়, বিশেষ করে শীতের সময়।পুরুষ কমলা দামা দেখতে বেশি সুন্দর। মায়াবী চোখ। ঠোঁট হালকা গোলাপি। মাথার চাঁদি, ঘাড়-গলা ও বুকের রং কমলা। তাতে আছে হালকা হলুদের ছায়া। পেট ও লেজের নিচের রং সাদাটে ও হালকা হলদে। মেয়ে-পাখি দেখতেও ভারি সুন্দর, তবে ছেলে-পাখির তুলনায় কম। বাসা বাঁধার আগে পুরুষ পাখি গলা খুলে গান গায়। ফাল্গুন থেকে আষাঢ় মাস পর্সন্ত বাসা বাঁধে।কমলা দামা ক্ষতিকর পোকামাকড় খেয়ে সে পরিবেশ সুন্দর রাখে আর গান শুনিয়ে মানুষকে আনন্দ দেয়। তাল ও খেজুরের রসও খায়। জল পান করে সকালে, দুপুরে ও বেলা ডোবার আগে।