কমলা বিসেসার ত্রিনিদাদের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত কমলা পরসাদ বিসেসার ত্রিনিদাদ ও টোবাগের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশটির সাধারণ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ‘পিপলস পার্টনারশিপ’ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ক্ষমতাসীন দলের ৪৩ বছরের শাসনের অবসান হলো।গতকাল সোমবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পরসাদ বিসেসারের পিপলস পার্টনারশিপ পার্লামেন্টের ৪১ আসনের মধ্যে ২৯ আসনে জয় লাভ করে। প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। শপথবাক্য পাঠ করাবেন দেশটির প্রেসিডেন্ট জর্জ ম্যাক্সওয়েল রিচার্ডস।ধর্মপ্রাণ হিন্দু মতাবলম্বী কমলা পরসাদ বিসেসার বলেন, ‘আমি বিপুল সমর্থনের জন্য সারা দেশের নারী ও নারীসমাজের কাছে কৃতজ্ঞ এবং এই বিজয় নারীদের প্রতিবন্ধকতা দূর করতে সহযোগিতা করবে। আমি এই বিজয় তাঁদের পক্ষ থেকে গ্রহণ করছি। কিন্তু বাস্তবতা অনেক বড়, যা নারীরা বুঝতে পারবে।’বিদায়ী প্রধানমন্ত্রী পেট্রিক ম্যানিং পরাজয়ের কথা স্বীকার করেছেন। তিনি ২০০২ সালে ক্ষমতায় আসেন। তাঁর দল পিপলস ন্যাশনাল মুভমেন্ট ১৯৬২ সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকে ৪৩ বছর ধরে দেশটি পরিচালনা করে।পরসাদ আইন স্কুলের প্রথম সারির শিক্ষার্থী ছিলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ও শিক্ষার ওপরও ডিপ্লোমা করেছেন। তিনি দেশটির প্রথম নারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। এ ছাড়া আইন ও শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।তাঁর পূর্বপুরুষ ভারতীয় শ্রমিক ছিলেন। ১৮৪৫ থেকে ১৯১৭ সালের মধ্যে আখ ও কোকোয়া চাষের জন্য ভারত থেকে এক লাখ ৪৮ হাজার শ্রমিককে ত্রিনিদাদে আনা হয়। দেশটির ১৩ লাখ নাগরিকের মধ্যে ৪৪ শতাংশই ভারতীয় বংশোদ্ভূত।জোটভুক্ত দল পাঁচটি হলো মিস পরসাদ বিসেসারের ইউনাইটেড ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেস অব দ্য পিপল (সিওপি), দ্য ন্যাশনাল জয়েন্ট অ্যাকশন কমিটি, টোবাগো অরগানাইজেশন অব পিপলস ও দ্য মুভমেন্ট ফর সোশ্যাল চেঞ্জ। এই পাঁচটি দল মিলে ‘পিপলস পার্টনারশিপ’ গঠন করা হয়। তবে ব্যালট পেপারে প্রতিটি দল নিজ নিজ প্রতীক ব্যবহার করে।—দ্য হিন্দু