কমলাপুরে আত্মহত্যার চেষ্টা: আজ আরেক সন্তানের মৃত্যু
রাজধানীর দক্ষিণ কমলাপুরে গায়ে আগুন লাগিয়ে দুই সন্তানসহ এক মায়ের আত্মহত্যার চেষ্টার ঘটনায় অগ্নিদগ্ধ কন্যাসন্তান রজনী আক্তার (৮) আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মারা গেছে। গতকাল রাত আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক সন্তান আবু রায়হানের (৩) মৃত্যু হয়। রায়হান ও রজনীর শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভে ও শোকে বিলাসী আক্তার (২৭) নামের ওই গৃহবধূ তাঁর দুই সন্তান রায়হান ও রজনী এবং নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।বিলাসীর স্বামী সৈয়দ রাজীব আলী সিকিউরিটি কোম্পানির ব্যবসা করেন। এ ঘটনায় গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন বিলাসী জানান, তাঁর অমতে স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এমনকি তাঁর কাছে ১০ লাখ টাকা যৌতুকও দাবি করেন। তাই তিনি চলে গেলে বাচ্চাদের কী হবে, এ চিন্তা করে নিজের ও সন্তানের শরীরে আগুন ধরিয়ে দেন।স্বামী সৈয়দ রাজীব আলী যৌতুকের অভিযোগ অস্বীকার করে বলেন, দ্বিতীয় বিয়ে করার কারণেই এ ঘটনা ঘটেছে। অন্য কোনো সমস্যা নেই।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান সামন্ত লাল সেন বলেন, বিলাসীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।