কমলার শহরবাস...
শীতকালের অনেক খারাপ দিক আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো দিকও আছে। যেমন এ সময়টাতে খুব আরাম করে কমলা খাওয়া যায়। একটু নজর বোলালেই টের পাবেন শহরের পথে পথে কমলাটা ইদানীং চোখে পড়ছে খুব। এমনকি ফলের দোকানেও কমলারই ছড়াছড়ি যেন। বলতে গেলে ফলের বাজারে এখন কমলার একনায়কত্ব চলছে। কথাটা যদি বিশ্বাস না হয়, তাহলে একবার উঁকি দিতে পারেন রাজধানীর পাইকারি ফলের বাজার বাদামতলীতে। সেখানে গেলেই দেখতে পাবেন ট্রাকবোঝাই করে কমলা আসছে শহরে। খালাস হচ্ছে এখানেই। তারপর পাইকারদের হাত ধরে ছড়িয়ে যাচ্ছে শহরময়। সঙ্গে অন্যান্য ফলও যে একেবারে আসছে না, তাও নয়। কিন্তু এই সময়টায় কমলার ভিড়ে আপেল, আনার কিংবা অন্য ফল খুব একটা সুবিধা করতে পারে না।কমলাময় বাজারে ঘুরতে ঘুরতে পাওয়া গেল কমলার বেশ কয়েক রকম জাত। পাওয়া গেল মজার মজার বেশ কিছু তথ্যও। যেমন—বাংলাদেশে এত এত ফল হয়, কিন্তু কমলা খুব একটা হয় না। শ্রীমঙ্গল বা সিলেটে যা কিছু কমলা হয় তার খুব কমই আসে ঢাকায়। এখানে যেসব কমলা পাওয়া যায় তার পুরোটাই আসে দেশের বাইরে থেকে।কমলার জাতপাত বিচার করতে গিয়ে প্রথমে যেটার কথা আসে সেটা কমলা নয় মোটেই। দেখতে হুবহু কমলার মতো হলেও এর নাম হচ্ছে কেনু। এই কেনুকেই আমাদের ফলওয়ালারা কমলা বলে গছিয়ে দেয় খদ্দেরের হাতে। অথচ বেশির ভাগ মানুষ এ তথ্যটা জানে না। তারা দিব্যি কমলা ভেবে ধরিয়ে দেয়া কেনু নিয়ে নাচতে নাচতে চলে যায় বাড়ি। কিন্তু কেনু আর কমলায় বিস্তর ফারাক। একটু চিনিয়ে দিলেই যে কারও পক্ষে চেনাটা আর কঠিন কিছু হবে না। কেনু দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। রং কমলার মতোই। এর বোঁটার দিকটা সমতল হয়। খোসা পাতলা এবং খুবই মসৃণ। আলো পড়লে চকচক করে। প্রায় কমলার মতো হলেও কিন্তু কেনুর স্বাদ টক। এ ছাড়া কমলার যে মিষ্টি গন্ধটা থাকে, তার হদিস মেলে না কেনুতে। তবে কেনুর উপকার আছে টক ফল হিসেবে। জ্বর-সর্দিতে কাজ করে প্রায় ওষুধের মতোই।তারপর যে জিনিসটা চোখে পড়ে, সেটা হলো ভুটানি কমলা। এর খোসা হয় এবড়োখেবড়ো। গায়ে হস্তরেখার মতো দাগ। আসলে এটাই হলো সত্যিকারের খাঁটি কমলা। দেখতে কেনুর তুলনায় খানিকটা বদখত হলেও ভুটানি কমলার স্বাদ যেমন মিষ্টি তেমনি চমত্কার এর গন্ধ। আর এ দুটির বাইরে এ বছর বাজারে এসে জুটেছে চাইনিজ কমলা। চীন থেকে আসছে বলেই মানুষের মুখে মুখে এমন নাম জুটেছে এ কমলার। সত্যিকারের নাম হলো ম্যান্ডারিন বেবি অরেঞ্জ। লাল রঙের জালিতে বাঁধা অবস্থায় বিক্রি হয় এ কমলা। একটা ব্যাগে প্রায় ২০/২২টার মতো থাকে। আকারে পিং পং বলের সমান। খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু। এই তিন রকমের কমলা বাদেও বাজারে পাওয়া যায় পান্ডুনার কমলা, শসার কমলা এবং দার্জিলিংয়ের কমলা। ভারত থেকে আসা এই তিন জাতের কমলা স্বাদে-গন্ধে চমত্কার। তবে এগুলো পর্যাপ্ত আসতে আরও কিছুদিন সময় লাগবে। আপাতত তাই কেনু, ভুটানি কমলা আর চায়নিজ কমলাই পেটে চালান দিতে হবে নগরবাসীকে।হালি কিংবা ডজন হিসেবে বিক্রি হয় বলে কমলার দাম নির্ভর করে এর আকৃতির ওপর। ছোট কমলার দাম কম, বড় কমলার দাম বেশি। সেভাবে বলতে গেলে রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট, গুলশান এবং বনানীর বিভিন্ন দোকান ঘুরে যে দাম পাওয়া গেছে তাতে খুব একটা পার্থক্য হয়নি। রাজধানীর প্রায় সর্বত্র কেনু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৬০ টাকা হালি দরে। ভুটানি কমলা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা হালি। ক্ষেত্রবিশেষে অবশ্য কেজি দরেও বিক্রি হয়। সে ক্ষেত্রে ভুটানি কমলা ৯০ থেকে ২০০ টাকা কেজি। আর কেনু ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়। চায়নিজ কমলা সবখানেই প্রায় ১১০ থেকে ১২০ টাকার মধ্যে ওঠানামা করে। অবশ্য এসব কমলা আরও কমে পাওয়া যাবে রাজধানীর বাদামতলীতে। তবে সে ক্ষেত্রে পরিমাণে বেশি কিনতে হবে।কমলা কিনতে গিয়ে হরহামেশাই যেটা ঘটে, দোকানি যে কমলা মিষ্টি বলে গছিয়ে দেয়, সেটা দেখা যায় টক। আসলে কমলা মিষ্টি কি না, সেটা বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় থাকে না। ফলে প্রায়ই দেখা যায়, খদ্দের ঠকে যাচ্ছে কমলা কিনতে গিয়ে। সমস্যাটার একটা সমাধান অবশ্য বাতলে দিলেন বাদামতলীর কমলা বিক্রেতা মোহাম্মদ মোকসেদ। তিনি প্রায় ২৫ বছর ধরে কমলার ব্যবসা করেন এখানে। তার ভাষায়—‘কমলার প্যাটটাই হইলো আসল। কমলার চিতনা পিঠ (চ্যাপ্টা পাশ) হাতের মুডার মইদ্যে ধইরা হালকা চাপ দিবেন। যদি দ্যাখেন এক চাপ দিলেই প্যাট বাইরাইয়া আইতাছে, তাইলে বুঝবেন কমলা মিডা অইবো। যেইডার প্যাট বাইরাইবো না হেইডার রং যতই হইলদা হইক, চুকা হইবো। চামড়ায় ফাডা দাগ থাকলে বুঝবেন এই কমলা মিডা অইবো।’