কমিউনিটি ক্লিনিকগুলো অলস পড়ে আছে
বিগত আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনার বিভিন্ন এলাকার বিত্তবান ব্যক্তিদের দান করা জমিতে এসব ক্লিনিক নির্মাণ করা হয়। কমিউনিটি ক্লিনিক নির্মাণের পর প্রতিটি ক্লিনিকে ওই এলাকার একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবারকল্যাণ সহকারীসহ মোট দুজনকে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এ সময় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো কার্যকর ভূমিকা পালন করে।কিন্তু সরকার পরিবর্তনের পর গত চারদলীয় জোট সরকার কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়ে এলাকাভিত্তিক স্বাস্থ্য সহকারী ও পরিবারকল্যাণ সহকারীদের বাড়ি বাড়ি গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে বরগুনার ১০৫টি ক্লিনিক বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া ক্লিনিকগুলোর মধ্যে সদর উপজেলায় ২৭টি, আমতলীতে ৩৭, পাথরঘাটায় ২০, বেতাগীতে ১৩ ও বামনা উপজেলায় আটটি ক্লিনিক রয়েছে। ক্লিনিকগুলো বন্ধ থাকায় প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। অন্যদিকে গ্রামের এই কমিউনিটি ক্লিনিকগুলো তদারকি না থাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে অনেক ক্লিনিকের দরজা-জানালা ভেঙে গেছে। বরগুনা সদর উপজেলার বদরখালী, গৌরিচন্না, ফুলঝুড়ি, কেওড়াবুনিয়া, আয়লা পাতাকাটা, বুড়িরচর, ঢলুয়া, বরগুনা সদর বালিয়াতলী ও নলটোনা ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো ঘুরে দেখা গেছে, এসব ক্লিনিক দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বালিয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বলেন, ‘কমিউনিটি ক্লিনিক সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল, কিন্তু এগুলো বন্ধ করে দেওয়ায় গ্রামের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। এসব ক্লিনিক পুনরায় চালু করে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার।’ সাগর উপকূলীয় তালতলী রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক খে মংলা বলেন, ‘তালতলী থানার বড় বগী, লাউপাড়া, জয়ালভাঙ্গা, সকিনা, বথিপাড়া গ্রামের ক্লিনিকগুলোয় কোনো কার্যক্রম নেই। এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এগুলো চালু করা দরকার।’ এ ব্যাপারে বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (এমওসিএস) মো. ইউনুস বলেন, ‘বর্তমানে ৮৫টি ক্লিনিক সংস্কার করে সীমিত পর্যায়ে কাজ শুরু হয়েছে। সেখানে টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হচ্ছে। অচিরেই হয়তো সবগুলো ক্লিনিকে এসব কার্যক্রম শুরু হবে।’