কমিউনিটি ক্লিনিকগুলো মাদকাসক্তদের আখড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণের ১১ বছর পরও মেহেরপুর জেলার ৭২টি কমিউনিটি ক্লিনিক এখনো পুরোদমে চালু হয়নি। ফলে গ্রামীণ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নির্মিত এসব ক্লিনিক মানুষের স্বাস্থ্যসেবা প্রদানে তেমন ভূমিকা রাখতে পারছে না। ১৯৯৮ সালে হেলথ অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এই ক্লিনিকগুলো নির্মাণ করা হয়। ক্লিনিক নির্মাণের জন্য গ্রামের মানুষ তাঁদের জমি দান করেন। প্রতিটি ক্লিনিক নির্মাণে ব্যয় হয় প্রায় চার লাখ টাকা। কিন্তু সরকার পরিবর্তন হলে ১৯৯৯ সালে ক্লিনিকগুলোর সব কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। তখন থেকেই ক্লিনিকগুলো একেবারেই অব্যবহূত অবস্থায় পড়ে ছিল। ফলে এরই মধ্যে অধিকাংশ ক্লিনিকের আসবাবপত্র, জানালা, দরজা, টিউবয়েল ও পাইপ খোয়া যায়। এত দিন এসব ক্লিনিক ভবন মাদকাসক্ত যুবকদের অসামাজিক কাজের আখড়া ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ক্লিনিকগুলো আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে প্রতিদিন না হলেও সপ্তাহে দুদিন ক্লিনিকগুলো চালু রাখা হচ্ছে বলে জানিয়েছেন মেহেরপুর সিভিল সার্জন আবদুস শহীদ।সরেজমিনে দেখা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের রতনপুর গ্রামের ক্লিনিকের নির্মাণকাজ শেষ না করেই ঠিকাদার শত ভাগ বিল নিয়ে গেছেন। এই ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের ক্লিনিকটি নিচু জমিতে বলে সেখানে বর্ষায় পানি জমে। সেনাপুর ও জয়পুর গ্রামের ক্লিনিক দুটি সীমান্তের কাছে লোকালয়ের বাইরে। গ্রামবাসীরা জানান, তাঁরা ক্লিনিকগুলো এত দিন দেখে রাখায় এগুলো ভালো আছে। এখন এখানে পোলিও টিকা খাওয়ানো হয়।মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামের ক্লিনিকটি একটি বাঁশঝাড়ের মধ্যে। সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। অন্যের জায়গা মাড়িয়ে যেতে হয়। বুড়িপোতা ইউনিয়নে হরিরামপুর, বারাকপুর, গোভীপুর, বুড়িপোতা ও দক্ষিণ শালিকা—এই পাঁচটি গ্রামে পাঁচটি কমিউনিটি ক্লিনিক আছে। এগুলোর জমি দানকারী জাফর আলী, ছুরমান শেখ, মোহসীন আলী, আবুল হোসেন মুন্সী ও মাহাবুব হক জানান, ক্লিনিকগুলো পুরোদমে চালু দেখে যেতে পারলে তাঁদের আত্মা শান্তি পেত।গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ভরাট-করমদী গ্রামের বিস্তীর্ণ মাঠের মধ্যে নির্মিত ক্লিনিকের ইট পর্যন্ত চুরি হয়ে গেছে। সেখানেও যাওয়ার কোনো পথ নেই। ধানখোলা ইউনয়নের শানঘাট গ্রামের ক্লিনিকটি ডোবার পাশে হওয়ায় তা ধসে পড়ার উপক্রম হয়েছে। গাংনীর সাহারবাটি ইউনিয়নের হিজুলবাড়িয়া, ধর্মচাকি, জোড়পুকুর ও সাহারবাটি গ্রামে চারটি ক্লিনিক আছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু জানান, তাঁর ইউনিয়নের এসব ক্লিনিক ভবনে এখনো মাদকাসক্ত যুবকেরা মাদক সেবন করে।এ ব্যাপারে মেহেরপুর সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, ‘ক্লিনিকগুলো এত দিন চালু থাকলে স্বাস্থ্যসেবা পণ্যে পরিণত হতো না। এগুলো চালু না হওয়ার কারণেই বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসুবিধা দিয়ে আসতে হচ্ছে। নতুনভাবে চিকিৎসক ও জনবল নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলে এসব ক্লিনিক পুরোমাত্রায় চালু করা সম্ভব হবে। বর্তমানে সপ্তাহে দুই দিন ক্লিনিকগুলো খোলা রেখে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া হয়।’