কমিউনিটি সেন্টারে হাটের পশু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি সেন্টারে সাধারণত বিয়ে, বৌভাতসহ বিভিন্ন অনুষ্ঠান হয়। রাজধানীর গোলাপবাগের ধলপুর কমিউনিটি সেন্টারও এর ব্যতিক্রম ছিল না। কিন্তু গতকাল বুধবার সেখানে গিয়ে দেখা গেল ভিন্ন আয়োজন। আঙিনায় সারি সারি বাঁশের সঙ্গে বাঁধা রয়েছে গরু। গরুর ব্যাপারিদের থাকার ব্যবস্থাও করা হয়েছে কমিউনিটি সেন্টারে।গোলাপবাগ আউটফল স্টাফ কোয়ার্টার মাঠের পশুর হাট পাশের সড়ক ছাড়িয়ে সম্প্রসারিত হয়েছে কমিউনিটি সেন্টারের আঙিনায়ও। অথচ এবার এখানে অস্থায়ী পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অনুরোধে ডিসিসি এ সিদ্ধান্ত নেয়। এ কারণে এই হাট ইজারার জন্য দরপত্রও আহ্বান করা হয়নি। কিন্তু তার পরও বসেছে হাট। এই হাটের কারণে সংলগ্ন সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের।সরেজমিনে দেখা গেছে, গোলাপবাগে প্রধান সড়কের ওপর পশুর হাটের তোরণ নির্মাণ করা হয়েছে। ডিসিসির আউটফল স্টাফ কোয়ার্টার খেলার মাঠ, মাঠসংলগ্ন সড়কে ইতিমধ্যে হাট বসেছে। পাশের ধলপুর কমিউনিটি সেন্টারের আঙিনায়ও বাঁধা হয়েছে গরু। ভবনের নিচতলায় অবস্থিত ডিসিসির ৮৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদারের কার্যালয়েও প্রভাব পড়েছে হাটের। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এ রকম আগে দেখিনি। এখন কমিশনারের অফিস গরুর হাটের অফিস হইয়া গেছে।’ গরুর ব্যাপারিদের থাকার ব্যবস্থা করা হয়েছে কমিউনিটি সেন্টারেই।ভুক্তভোগীরা বলেন, রাজনৈতিক দলগুলোর স্থানীয় অনেক নেতা এখন হয় গরুর ব্যাপারি, নয়তো পশুর হাটের ইজারাদার। কাউন্সিলরের কার্যালয়ে এখন সাধারণ মানুষের প্রবেশের অবস্থা নেই। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগ ও বিএনপির একদল নেতা এবং প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এই হাট বসানো হয়েছে।ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ প্রথম আলোকে বলেন, ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ডিএমপি এই হাটটি না বসানোর জন্য ডিসিসিকে অনুরোধ করেছিল। জনসাধারণের কথা বিবেচনা করে ডিসিসিও এবার এই হাট না বসানোর সিদ্ধান্ত নেয় এবং এ কারণে এই হাটের দরপত্রও আহ্বান করা হয়নি।অনুমোদন ছাড়া হাট বসানো প্রসঙ্গে ৮৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাদল সরদার বলেন, ‘আমি বিএনপিদলীয় কমিশনার। আমার সাধ্য আছে আওয়ামী লীগের কাউকে ছাড়া এই হাট বসাইতে পারি! হেরপরও লেইখ্যা দেন, আমি গরু ভালোবাসি, এ জন্য গরুর অফিস বানাইছি।’ তিনি বলেন, ‘এই হাট ৩০ বছর ধরে হচ্ছে। স্থানীয় জনসাধারণের স্বার্থেই হাটটি হওয়া উচিত। এখানকার মানুষ গরু কিনতে কোথায় যাবে?’হাটের আয়োজক: বাদল সরদার জানান, স্থানীয় সাংসদ হাবিবুর রহমান মোল্লা এই হাট বসানোর জন্য ডিসিসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। দু-এক দিনের মধ্যে এই হাটের অনুমোদনও হয়ে যাবে।আয়োজকেরা জানান, এই হাটের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা এবং এলাকার কিছুসংখ্যক প্রভাবশালী যুক্ত রয়েছেন। এঁদের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্থানীয় মোহাম্মদ মিয়ান ও আনোয়ার আলী সরদারের নাম উল্লেখযোগ্য।মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আশা করা যায় অনুমোদন পাওয়া যাবে।’ আবুল কালাম আজাদ বলেন, সবাই মিলে সামাজিকভাবেই এই হাটটির আয়োজন করেছেন। গরুর ব্যাপারিরা গরু নিয়ে এসেছেন। তাঁরা শুধু ব্যাপারিদের একটু সুবন্দোবস্ত করে দিচ্ছেন। জনদুর্ভোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রেখেই আয়োজন হচ্ছে। সব বিষয়েই নজর দেওয়া উচিত।সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমি স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ডিও লেটার দিয়ে হাটের জন্য অনুরোধ করেছি। তবে যদি ডিসিসি আজ বৃহস্পতিবার সকালের মধ্যে অনুমোদন না দেয়, তাহলে এই হাট হবে না। সে ক্ষেত্রে সবার দায়িত্ব হবে যাতে হাট না বসে।’ তিনি বলেন, মাঠের পেছনে যেখানে হাট বসালে জনদুর্ভোগ হবে না, সেখানে হাট বসানো যেতে পারে। এতে সবারই উপকার হবে। এই বিষয়টিও বিবেচনা করা উচিত।তিনটির মধ্যে একটির ইজারা: গতকাল নগরের তিনটি অস্থায়ী পশুর হাটের জন্য পুনঃ দরপত্র হলেও একটি হাটের ইজারা সম্পন্ন হয়েছে। এটি হলো জিগাতলা হাজারীবাগ মাঠের পশুর হাট। তবে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা জেলা প্রশাসনের কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইজারা হয়েছে বলে জানানো হয়েছে। পূর্বাচলের পরিত্যক্ত খালি জায়গার জন্য একটি দরপত্রও জমা না পড়ায় এই হাটের ইজারা হয়নি।ভ্রাম্যমাণ আদালত: ডিসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, রাজধানীতে অস্থায়ী ১২টি পশুর হাটের জন্য ডিসিসি দুটি ভ্রাম্যমাণ আদালত গঠন করেছে। আজ থেকে দিনে এবং রাতে এই আদালতের কার্যক্রম চলবে। এর সঙ্গে প্রতিটি হাটেই ৪০ সদস্যের পুলিশের সমন্বয়ে ১০টি পরিদর্শক দল (ভিজিল্যান্স টিম) কাজ করবে। এ ছাড়া হাটে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।