কমিউনিটি সেন্টারেই থানা
মুগদাবাসীর সামাজিক অনুষ্ঠান আয়োজনে ব্যবহূত একমাত্র কমিউনিটি সেন্টারেই উদ্বোধন করা হলো নতুন মুগদা থানা। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগরের ৪৮তম থানা হিসেবে তা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।এর আগে কমিউনিটি সেন্টারটিতে থানা স্থাপনের ব্যাপারে এলাকাবাসীর মধ্যে ছিল ক্ষোভ ও আশঙ্কা। তবে থানা উদ্বোধনের সময় বলা হয়, এলাকাবাসী আগের মতোই কমিউনিটি সেন্টারে তাদের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। পুলিশকে গণমুখী করার জন্য ও জনগণ যাতে কাঙ্ক্ষিত সেবা পায়, সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। দায়িত্বে কোনো অবহেলা দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী বলেন, এ থানা হওয়া নিয়ে এলাকার বিভিন্নজনের মধ্যে ভুল ধারণা ছিল। কমিউনিটি সেন্টারের কার্যক্রম আগের মতোই চলবে। এ ক্ষেত্রে থানার কার্যক্রম কোনোভাবেই কমিউনিটি সেন্টারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, আনুপাতিক হারে পুলিশের সংখ্যা কম হলেও জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান ও অপরাধ দমন সম্ভব।ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, মাদকের সঙ্গে পুলিশের মধ্যে কারও যদি সম্পৃক্ততা থাকে, তাহলে তাঁকে চাকরিচ্যুত করা হবে। সর্ষের মধ্যে আমরা ভূত দেখতে চাই না। তিনি বলেন, কিছু কিছু আকস্মিক ও উদ্ভূত ঘটনার মাধ্যমে সব পুলিশকে ‘ডকে’ দাঁড় করানো নৈতিক কাজ নয়। উদ্বোধনী অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।