মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনা রক্ষায় ১০ সদস্যের কমিটি গঠন করে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানাতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—বগুড়ার ডিসি ও এসপি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কিউরেটর, মাজার কমিটির সভাপতি, অধ্যাপক মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, জাতীয় জাদুঘরের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত প্রত্নতত্ত্ব বিভাগের একজন প্রতিনিধি। একই সঙ্গে আদালত মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনা ক্ষতির ঘটনায় কোনো মামলা (এফআরআই) হয়েছে কি না, আর না হলে তা কেন হয়নি, তা ১৫ দিনের মধ্যে বগুড়ার ডিসি ও এসপিকে প্রতিবেদন আকারে জানাতে বলা হয়েছে। আদালতের ইতিপূর্বের দেওয়া নির্দেশ অনুসারে আজ মহাস্থানগড়ের কিউরেটর, শিবপুর থানার ওসি, মাজার কমিটির সভাপতি ও রাস্তা নির্মাণকাজে সংশ্লিষ্ট স্থানীয় দুই ব্যক্তি হাইকোর্ট হাজিরা দেন। আদালত প্রথম তিনজনকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন, আর অন্য দুজনকে পরবর্তী তারিখে হাজির হতে বলা হয়েছে।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। জানা যায়, গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন। এর পরও সেখানে রাস্তা নির্মাণের কাজ চলছে, এমন অভিযোগ এনে মানবাধিকার সংগঠনটি এ বিষয়ে গত ২৩ জানুয়ারি একটি আবেদন করেন।