কমিটি নিয়ে অসন্তোষ, চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আজ সোমবার সন্ধ্যায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের মহানগরের উত্তরের নেতারা। তাঁরা ছাত্রদলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কমিটি গঠনে অর্থবাণিজ্য ও অনিয়মের অভিযোগ আনেন। এ সময় কয়েক শ নেতা-কর্মী ছাত্রদলের শীর্ষ ও উত্তরের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। নেতাদের অভিযোগ, ছাত্রদলের শীর্ষ নেতারা টাকার বিনিময়ে সারা দেশে কমিটি বাণিজ্য করছেন। এরই ধারাবাহিকতায় বয়স্ক নেতাদের দিয়ে উত্তরের কমিটি গঠন করা হয়। এখন আবার উত্তরের বিভিন্ন থানায় অছাত্রদের ছাত্রদলের নেতা বানানো হচ্ছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। কিন্তু কমিটি বাতিল না হওয়ায় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়। ছাত্রদলের নেতাদের অভিযোগ, কামাল আনোয়ার নামে যাঁকে উত্তরের সভাপতি করা হয়েছে, তিনি একাই একটি দল। তাঁর সঙ্গে কোনো নেতা-কর্মী নেই। বিক্ষোভকারীদের একজন মিরপুর থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফিরোজ আহমেদ প্রথম আলোকে জানান, মিরপুর, দারুসসালাম, পল্লবী, উত্তরা, তুরাগ, বিমানবন্দর, উত্তর খান, দক্ষিণখানসহ বিভিন্ন স্থানে ছাত্রদলের যে কমিটি হচ্ছে, তাতে অছাত্র ও বয়স্করা ঠাঁই পাচ্ছেন। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ করছেন। স্মারকলিপি দিয়ে বিএনপির চেয়ারপারসনকে এখন বিষয়গুলো জানাবেন। তিনি জানান, বিক্ষোভে আটটি থানার ছাত্রদলের কর্মীরাই আছেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের উত্তরের সভাপতি কামাল আনোয়ার প্রথম আলোকে বলেন, ছাত্রদল একটি বড় সংগঠন। প্রতিটি থানায় অনেক নেতা-কর্মী পদ পাওয়ার যোগ্য। কিন্তু সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। তাই পদ না পেয়ে অনেকেই মন খারাপ করতে পারেন। ছাত্রদলের কমিটিতে ছাত্ররা পদ পাচ্ছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা-কর্মী যাঁরা আন্দোলন-সংগ্রামে আছেন, তাঁদেরই পদ দেওয়া হচ্ছে। কেন তাঁরা বিক্ষোভ করছেন, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে|