কমিটি নেই, আছে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোন্দলের কারণে জেলা বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এতে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। দ্রুত কোন্দল নিরসন না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ভরাডুবি ঘটবে।’ এই মন্তব্য কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর।জেলা বিএনপি সূত্র জানায়, ২০০৯ সালের ২০ নভেম্বর রাতে শহরের স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। তিনি প্রথমে সভাপতি হিসেবে সাবেক সাংসদ ও তৎকালীন জেলা কমিটির আহ্বায়ক শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করেন। নেতা-কর্মীরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর সাধারণ সম্পাদক পদে কক্সবাজার জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) শামীম আরা স্বপ্নার নাম ঘোষণা করলে শুরু হয় হইচই। এই পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল। কিন্তু লুৎফুর বাদ পড়ায় তাঁর সমর্থক নেতা-কর্মীরা ‘মানি না-মানব না’ স্লোগান শুরু করেন। তাঁরা মঞ্চে উপবিষ্ট নেতাদের দিকে এলাপাতাড়ি চেয়ার ছুড়ে মারতে শুরু করেন। ঘটে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা। পুরো স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্রে। পণ্ড হয়ে যায় সম্মেলন। পরদিন এক পক্ষ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা দেয়। এই কমিটির নেপথ্যে আছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ। অপর পক্ষ সাংসদ লুৎফুর রহমানকে সভাপতি এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে। প্রায় দেড় বছর ধরে এই দুই কমিটি পাল্টাপাল্টিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। জানা যায়, কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের দখলে রয়েছে। এই সাংসদেরা হলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির হাছিনা আহমদ (সালাহ উদ্দিন আহমদের স্ত্রী), কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান। বিগত সাধারণ নির্বাচনে একমাত্র কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নির্বাচিত হন মহাজোটের প্রার্থী আওয়ামী লীগের আবদুর রহমান বদি। ২০০১ সালের নির্বাচনে চারটি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হন। ১৯৯৬ সালের নির্বাচনে কক্সবাজার-৪ ছাড়া বাকি তিনটি আসনে এই দলের প্রার্থীরা জয়লাভ করেছিলেন। দলীয় সূত্র জানায়, সর্বশেষ গত ৯ এপ্রিল বেলা ১১টায় লুৎফুর পক্ষ শহরের সার্কিট হাউস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন করে। এতে অনুমোদনবিহীন জেলা বিএনপির কমিটি থেকে সুবিধাবাদীদের বহিষ্কারের মাধ্যমে ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়নের দাবি তোলা হয়। মানববন্ধনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও এবং কক্সবাজার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে শাহজাহান পক্ষ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দলের নেতা-কর্মীদের নিয়ে জরুরি সভা করে। সভার পরে শামীম আরা বলেন, ‘আমরা সুশৃঙ্খলভাবে সভা করেছি। সভায় কমিটির ১৫১ সদস্যের মধ্যে ৯৭ জন উপস্থিত ছিলেন।’ মানববন্ধনে সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উল্লাহ, রামু উপজেলা বিএনপির সভাপতি আহমদুল হক চৌধুরী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি এম মমতাজুল ইসলাম বলেন, অযোগ্য ও অদক্ষ নেতাদের নিয়ে দলের জেলা কমিটি ঘোষণা করে একটি চক্র বিএনপিকে ধ্বংস করতে চাইছে। দলকে শক্তিশালী ও চাঙা রাখতে সাংসদ লুৎফুরের বিকল্প নেই। দলের কোন্দল ও পাল্টাপাল্টি কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ লুৎফুর রহমান বলেন, ‘বর্তমান অনুমোদনবিহীন জেলা কমিটির নেতাদের দিয়ে দল ও আন্দোলন সম্ভব নয়। তাই আমরা দলীয় শীর্ষস্থানীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করছি।’ সাংসদ লুৎফুর আরও বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমান জেলা কমিটির অনুমোদন দেননি। তিনি (খালেদা জিয়া) উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে নতুন করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কিন্তু কতিপয় নেতার গোয়ার্তুমির কারণে চেয়ারপারসনের নির্দেশ কার্যকর হচ্ছে না। শাহজাহান চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়েই আমরা সরকারবিরোধী আন্দোলন করে আসছি। বড় দল হিসেবে বিএনপিতে ভুল-বোঝাবুঝি থাকতে পারে। এতে দলের কোনো ক্ষতি হবে না।’ শামীম আরা বলেন, ‘আমরা কিছু একটা করতে চাইলে তাঁরা (লুৎফুর পক্ষ) পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু এতে তাঁরা ব্যর্থ হয়ে নেতাদের গালাগাল করেন। আমরা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশে দলকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিচ্ছি।’